শোকের মাস পালন কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগ
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সোমবার থেকে শোকের মাস পালনের কর্মসূচি শুরু করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের প্রতিহত করার শপথের মধ্য দিয়ে আওয়ামী লীগ আগস্ট মাসজুড়ে সারাদেশে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবে।
বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন বঙ্গবন্ধুর খুনিদের শাস্তি কার্যকর করার দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
রোববার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে আগস্ট মাসের ধারাবাহিক কর্মর্সূচির শুরু করা হয়।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ধানমন্ডির ৩২ নং সড়কের বঙ্গবন্ধু জাদুঘরের সামনে আলোকসজ্জা করার মধ্য দিয়ে তাদের কর্মসূচি শুরু করেছে। এছাড়া স্বেচ্ছাসেবক লীগ সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সারাদেশে প্রতীক অনশন কর্মসূচি পালন করে।
স্বেচ্ছাসেবক লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লক্ষীপুরে স্বেচ্ছাসেবক লীগের অনশনরতদের উপর কোন ধরণের উষ্কানি ছাড়াই পুলিশ হামলা চালায়। এসময় পুলিশ নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে, মঞ্চ ভেঙ্গে দেয় এবং ব্যানার খুলে নিয়ে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল এমপি। ক্যাম্পাসে বিশাল মিছিল শেষে ছাত্রলীগ সেখানে সমাবেশ করে। সমাবেশের পর ছাত্রলীগ মিছিল সহকারে ধানমন্ডির ৩২ নং সড়কের জাতির জনকের বাসভবনে যায়।
কৃষক লীগ সোমবার সকালে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান কর্মসূচির উদ্বোধন করেন।
আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা সোমবার বঙ্গবন্ধু জাদুঘরের সামনে দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করেন। সিভিল সোসাইটি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনশনস্থলে এসে সংহতি প্রকাশ করেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল জলিল, সভাপতিমন্ডলীর সদস্য তোফায়েল আহমদ, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নাসিম প্রমুখ তাদের বক্ততায় বঙ্গবন্ধুর খুনিদের ফাঁিসর রায় কার্যকর করার দাবি জানান। অনশনস্থলে এসে সংহতি প্রকাশ করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, গণতন্ত্রী পার্টির নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী, বার কাউন্সিলের সহ সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক প্রমুখ।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সারাদেশ থেকে বিডিনিউজের প্রতিনিধিরা জানিয়েছেন, শোকের মাসের প্রথম দিনে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
ময়মনসিংহ, গাজীপুর, নড়াইল, মাদারীপুর, শেরপুরসহ বিভিন্ন স্থানে আলোচনা সভা, অনশন, রক্তদান, মিছিল ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
আগামী ১৫ আগস্ট সারাদেশে অর্ধ দিবস হরতালসহ আওয়ামী লীগ সারামাস ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করবে।
