২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাদশাহ ফাহাদের জানাজায় অংশ নিতে রাষ্ট্রপতি সৌদি আরব যাচ্ছেন

বাদশাহ ফাহাদের জানাজায় অংশ নিতে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সোমবার রাতে সৌদি আরব যাচ্ছেন। রাষ্ট্রপতি তার এ সফরে বাদশাহ ফাহাদের উত্তরসূরী নবনিযুক্ত বাদশাহ আবদুল্লাহকে শুভেচ্ছা জানাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 07:09 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

বেসরকারি বিমান চলাচল প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুজ্জামানসহ দশ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সফরসঙ্গী হয়ে সৌদি আরব যাচ্ছেন।

এদিকে সৌদি বাদশাহর মৃত্যুতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৌখিক নির্দেশে সোমবার দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেয়া হয়েছে।

সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে তার কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান বলেন, আমরা তাকে শুধু বন্ধুপ্রতীম একটি দেশের বাদশাহ হিসেবেই জানতাম না, তিনি ছিলেন বাংলাদেশের নিকটতম ও প্রিয়তম বন্ধু।

শোকাহত পররাষ্ট্রমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, সৌদি রাজতন্ত্রে সরকার পরিবর্তন শান্তিপূর্ণ হয়েছে এবং এতে কোনও রাজনৈতিক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে।

মোর্শেদ খান আশা প্রকাশ করে বলেন, নতুন বাদশাহ দেশের সংস্কার কর্মসূচি আরও প্রসারিত করবে এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।