জাতিসংঘের হস্তক্ষেপে ৩৪ বছর পর আটকে পড়া পাকিস্তানী সমস্যার সমাধান হতে যাচ্ছে
বাংলাদেশে আটকে পড়া প্রায় আড়াই লাখ পাকিস্তানীদের ৩৪ বছরের সমস্যার সমাধান হতে যাচ্ছে। জাতিসংঘের হস্তক্ষেপে আটকে পড়া পাকিস্তানীদের একটি বড় অংশ এদেশেই পুনর্বাসিত হতে যাচ্ছে। এছাড়া যারা পাকিস্তানে ফিরে যেতে চায়, জাতিসংঘ তাদেরও সেদেশে পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
জাতিসংঘের শরণার্থী পুনর্বাসন বিষয়ক কমিশনার’এর (ইউএনএইচসিআর) বাংলাদেশ মিশন প্রধান ক্রিস্টোফার বিসি লি বিডিনিউজকে বলেন, আটকে পড়া পাকিস্তানীদের দীর্ঘদিনের সমস্যার আশু সমাধান হতেই হবে। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ সরকারকেই।
তিনি বলেন, আমরা অনুসন্ধানে দেখেছি, আটকে পড়া পাকিস্তানীদের একটি বড় অংশই এদেশে জন্মেছে। তাদের এদেশের নাগরিক হিসেবে পুনর্বাসিত হওয়ার অধিকার রয়েছে। পুরোনো প্রজন্মের যারা পশ্চিম পাকিস্তানে ফিরে যেতে চায়, তাদেরও অধিকার রয়েছে, সেদেশে পুনর্বাসিত হওয়ার।
ইউএনএইচসিআর মিশন প্রধান বলেন, আমি নিশ্চিত করে বলতে চাই, আটকে পড়া পাকিস্তানীদের পুনর্বাসন ও প্রত্যাবাসন সংক্রান্ত সবধরনের সহায়তা দিতে জাতিসংঘ ও দাতাগোষ্ঠী প্রস্তুত। মানবিক কারণেই আমরা এ সহায়তা দিতে চাই। এক্ষেত্রে বাংলাদেশ সরকারকেই প্রথমে এগিয়ে আসতে হবে।
খোঁজ নিয়ে জানা যায়, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং অন্যান্য দাতাগোষ্ঠী সম্প্রতি এক বৈঠক থেকে আটকে পড়া পাকিস্তানীদের সমস্যার সমাধানে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে। সরকারের নীতিনির্ধারক মহলের পক্ষ থেকেও তারা এ ব্যাপারে আশাব্যঞ্জক সাড়া পেয়েছে।
ইইউ ও বিভিন্ন দাতা গোষ্ঠী এরই মধ্যে জাতিসংঘের দুটি সংশ্লিষ্ট বিভাগ ইউএনএইচসিআর এবং ইউএন হ্যাবিটেট’র সঙ্গে যোগাযোগ করেছে। শিগগিরই আটকে পড়া পাকিস্তানী ইস্যুতে একটি ত্রি পক্ষীয় বৈঠক হতে যাচ্ছে বলে জানা যায়।
২০০৩ সালের ৫মে হাইকোর্ট এক আদেশে বাংলাদেশে জন্ম নেওয়া আটকে পড়া পাকিস্তানীদের ভোটার তালিকাভুক্ত হতে সরকারকে নির্দেশ দেয়। ভোটার তালিকা সংক্রান্ত আইন অনুযায়ী, ভোটারদের অবশ্যই এদেশের নাগরিক হতে হবে।
এদিকে আটকে পড়া পাকিস্তানীদের স্বদেশ প্রত্যাবর্তন দীর্ঘদিন বন্ধ থাকায় এদের একটি বড় অংশ এখন চায় নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বাংলাদেশের নাগরিক হিসেবে এদেশেই পুনর্বাসন। কিছুদিন আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শওকত আজিজ বাংলাদেশ সফরে এলে ওই দাবিতে স্ট্যান্ড্রেড পাকিস্তানিজ অব বাংলাদেশ রাস্তায় বিক্ষোভ, প্রতীক অনশনসহ নানা কর্মসূচি পালন করে।
সংগঠনের বর্ষীয়ান নেতা মোহাম্মাদ নাসিম খান এ বিষয়ে বিডিনিউজকে বলেন, আমরা পাকিস্তানে ফিরে যাওয়ার মূল দাবি থেকে সরে আসিনি। তবে আমাদের মধ্যে অনেকেই এখন চায় এ দেশেই নাগরিক হিসেবে পুনর্বাসন।
জানা যায়, হাইকোর্টের ওই নির্দেশের পর ইইউসহ দাতাগোষ্ঠীগুলো বাংলাদেশ সরকারের নীতিনির্ধারক মহলের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করে ইতিবাচক সাড়া পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ৭ জুলাই ইইউ, নরওয়ে, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, সুইজারল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতসহ প্রতিনিধিগণ এক উচ্চ পর্যায়ের বৈঠকে আটকে পড়া পাকিস্তানীদের সমস্যার বিষয়টি উত্থাপন করেন।
বৈঠকে বলা হয়, সকল মহলেরই এ সমস্যাটিকে মানবিক দৃষ্টিকোন থেকে দেখা উচিত। দেশহীন মানুষের এ সমস্যাটি আর দীর্ঘায়িত হতে দেওয়া যায় না। বাংলাদেশ সরকারের উচিত হবে আটকে পড়া পাকিস্তানীদের ইচ্ছে অনুযায়ী তাদের এদেশে পুনর্বাসন অথবা পাকিস্তানে ফেরত যাওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। বৈঠকে এসব ক্ষেত্রে যাবতীয় ব্যয়ভার দাতাগোষ্ঠী বহন করবে বলে জানানো হয়।
সম্প্রতি ইউএনএইচসিআর’র জেনেভা সদর দফতরের ‘দেশহীন মানুষ’ ইউনিটের প্রধান ফিলিপ র্যাকরেক বাংলাদেশ সফরে এসে আটকে পড়া পাকিস্তানীদের ক্যাম্পগুলো পরিদর্শন করেন। তিনি কথা বলেন আটকে পড়া পাকিস্তানীদের নেতা, মানবাধিকার কর্মী, সংশ্লিষ্ট আইনজীবী, দাতাগোষ্ঠীসহ সরকারের উচ্চ মহলের সঙ্গে।
এছাড়া মার্কিন শরণার্থী পুনর্বাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা রেফিউজি ইন্টারন্যাশনাল এরই মধ্যে ইউএনএইচসিআরকে দেওয়া এক পত্রে আটকে পড়া পাকিস্তানীদের পুনর্বাসনের ইস্যুটিকে সমন্বয় করার জন্যে অনুরোধ করেছে।
সারাদেশে ৬৬টি ক্যাম্পে আটকে পড়া পাকিস্তানীরা মানবেতর জীবন যাপন করছে। এক পরিসংখ্যান অনুযায়ী, আটকে পড়া পাকিস্তানীদের সংখ্যা এখন ২ লাখ ৩৭ হাজার থেকে তিন লাখের মতো।
আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় ১৯৭৪ সালে এদেশে আটকে পড়া প্রায় পাঁচ লাখ পাকিস্তানীর তালিকা প্রস্তুত করা হয়। ১৯৮১ সালে আটকে পড়া পাকিস্তানীদের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৬৩ হাজার। ১৯৮২ সাল পর্যন্ত কয়েক দফায় মোট ৪ হাজার ৬০০ পাকিস্তানীর স্বদেশে প্রত্যাবাসন ঘটে। এরপর থেকে এই প্রত্যাবাসন প্রক্রিয়া বন্ধ রয়েছে।
