ব্রিটিশ-বাংলাদেশী শেফদের নিয়ে ঢাকায় সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যাল
ব্রিটিশ বাংলাদেশী শেফদের নিয়ে ২৪ আগস্ট থেকে ৩০ আগস্ট ঢাকায় সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ব্রিটিশ বাংলাদেশ ফিউশন ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পূর্ব লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে কারি লাইফের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা বলেন, রন্ধন শিল্পে ব্রিটিশ বাংলাদেশী শেফদের কৃতিত্ব, দক্ষতা এবং সৃজনশীলতা তুলে ধরার জন্য কারি লাইফ ম্যাগাজিন এই ফেস্টিভ্যালের আয়োজন করেছে।
তিনি আরও বলেন, একটি জাতির খাদ্যাভাস পরিবর্তনে বাঙালী শেফরা যে অবদান রেখেছেন তা ব্রিটেনের বাইরে অনেকেরই অজানা।
ঢাকা শেরাটন হোটেলের সেলস এ্যান্ড মার্কেটিং ডিরেক্টর এটিএম হাফিজউল্লা বলেন, আমরা এই ফেস্টিভ্যালের আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত।
ফেস্টিভ্যালে চার জন বাংলাদেশী শেফ এবং একজন ফুড হাইজিন স্পেশালিস্ট অংশগ্রহণ করবেন।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী এই ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এক বিশেষ বার্তায় এই ফেস্টিভ্যালকে স্বাগত জানিয়েছেন।
