১২ দিনেও বেনাপোল বন্দরের অচলাবস্থার নিরসন হয়নি
বেনাপোল বন্দরে গত ১২ দিনেও অচল অবস্থার নিরসন হয়নি। বেনাপোল কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের হাতে আটক ভারতীয় চারটি খালি ট্রাকের মধ্যে তিনটি ট্রাক রোববার নিঃশর্তভাবে ফেরত দেওয়ায় ভারতীয় মটর শ্রমিক ইউনিয়ন তাৎক্ষণিকভাবে তাদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিলেও বেনাপোল বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠনের কর্মবিরতির ফলে রোববারও বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে কোন কাজ হয়নি। বন্দরে কোন প্রকার মালামাল লোড--আনলোড হয়নি। স্থানীয় ব্যাংকগুলোতে তেমন কোন গ্রাহকের ভীড় দেখা যায়নি। সব মিলিয়ে কার্যত অচল হয়ে পড়েছে বেনাপোল বন্দর।
সূত্র জানায়, রোববার সকাল থেকেই বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠনের প্রায় কয়েক হাজার নেতাকর্মী ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে বেনাপোল কাস্টমস হাউজের প্রধান গেটে অবস্থান নেয়। তারা একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ সমাবেশ শেষে বন্দর ব্যবহারকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং নেতাকর্মীরা ১২ দফা দাবি মেনে নেওয়ার দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।
আলহাজ্ব শামছুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের দাবিগুলো নায্য ও ন্যায়সংগত।
সমাবেশ থেকে তারা বেনাপোল কাস্টমস হাউজের দুর্নীতিগ্রস্ত ও অহেতুক হয়রানিকারী কর্মকর্তাদের অপসারণের দাবি তোলেন।
এদিকে ভারতীয় মটর শ্রমিক নেতা অশোক দেব নাথ বিডিনিউজকে জানান, আমাদের দাবিকৃত চারটি ট্রাকের তিনটি ট্রাক নিঃশর্তভাবে ফেরত দেওয়া হয়েছে এবং বাকি একটি ট্রাক আইনগত জটিলতার কারণে ফেরত দেওয়া হয়নি। তবে আইনগত জটিলতা নিরসন করে অচিরেই ফেরত দেওয়া হবে।
তিনি আরও বলেন, বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক অবৈধ ও হয়রানিমূলকভাবে ট্রাকগুলো আটক করেছিল।
জানা যায়, রোববার সন্ধ্যায় বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠনের নেতৃবৃন্দের সাথে কাস্টমস কর্তৃপক্ষের প্রায় চার ঘন্টা ব্যাপী এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হলেও তা ফলপ্রসূ হয়নি। এর ফলে বন্দর ব্যবহারকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতির আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
এফবিসিসিআই এক বিবৃতিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে বেনাপোল স্থল বন্দরের উদ্ভূত সমস্যা জরুরি ভিত্তিতে সমাধান করার পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে অনুরোধ করলেও এ বিষয়ে আজও পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে।
এছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও মংলা সিএ্যান্ডএফ এজন্ট এ্যাসোসিয়েশন বেনাপোল বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠনের ১২ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন প্রদান করেছে।
এদিকে ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় প্রায় কয়েক হাজার পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
লাগাতার এ কর্মবিরতির ফলে দেশের অধিকাংশ শিল্প কলকারখানাগুলোর উৎপাদন যেকোনও সময় বন্ধ হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।
