২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের আহমদীয়া সম্প্রদায়ের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ

বাংলাদেশে আহমদীয়া মুসলিম জামাতের ওপর মৌলবাদীদের নিপীড়ন বেড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইইউ ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্যসহ সারা বিশ্বের আহমদীয়া সম্প্রদায়ের নেতারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

গত ২৯ জুলাই লন্ডনে শুরু হওয়া তিন দিনের এক আন্তর্জাতিক কনভেনশনে একশ’টিরও বেশি দেশের আহমদীয়া প্রতিনিধিরা বাংলাদেশে তাদের নির্যাতিত সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেন।

বাংলাদেশে আহমদীয়া মুসলিম জামাতের কেন্দ্রীয় মিশনারি আব্দুল আউয়াল লন্ডন থেকে টেলিফোনে বিডিনিউজকে জানান, বাংলাদেশে আহমদীয়াদের ওপর যে পাশবিক নির্যাতন চালানো হচ্ছে, সে ব্যাপারে বিশ্ব সম্প্রদায় আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে ভালোভাবেই অবগত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে কয়েক বছর ধরে আমরা যে নির্যাতন সয়ে যাচ্ছি, সে ব্যাপারে এখানে আমাদের কিছুই বলতে হয়নি। বরং আমরা দেখেছি কনভেনশনে উপস্থিত প্রতিনিধিরা আমাদের মসজিদ অপবিত্র করা, বাড়িঘর ভেঙে দেওয়া এবং খুলনায় আহমদীয়া নেতাকে হত্যার ঘটনাসহ সমস্ত নির্যাতন সম্পর্কে বিশদ জানেন।

আব্দুল আউয়াল বিডিনিউজকে জানান, নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার কর্মী নাঈম মোহাইমেন বাংলাদেশের মৌলবাদী গ্রুপ খতমে নবুওয়ত কর্তৃক আহমদীয়াদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে, তা নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। প্রামাণ্যচিত্রটি কনভেনশনের উদ্বোধনী দিনে প্রদর্শিত হলে ব্যাপক সাড়া পাওয়া যায়।

ইইউ পার্লামেন্ট সদস্য ব্যারনেস নিকলসন বলেন, যখন মুসলমানদের একটি অংশ ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তখন আহমদীয়া সম্প্রদায় তাদের শান্তিপূর্ণ কার্যক্রমের মাধ্যমে ইসলামের শান্তিময় চিত্রটি তুলে ধরছে।

কনভেনশনে ব্রিটিশ কনজারভেটিভ দলের এমপি জাস্টিন গ্রিনিং ও ডোমিনিক উইকেলসফিল্ডও বক্তব্য রাখেন।

নিরাপত্তাজনিত কারণে এবারের কনভেনশন ব্রিটিশ কর্র্তৃপক্ষের অনুমতি নিয়ে সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য সংরক্ষিত রাশমুর এরেনায় ১৩০ একর জমির ওপর বিশাল প্যান্ডেলে অনুষ্ঠিত হয়।

৩১ জুলাই কনভেনশনের সমাপনী দিনে তিরিশ হাজারেরও বেশি লোক অংশ গ্রহণ করে। সেই সাথে মহানগরী লন্ডনের বেশ ক’টি কাউন্টির মেয়রও উপস্থিত ছিলেন।