২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গত তিন মাসে দেশে ৪,২৪৩ টি নারী ও শিশু নির্যাতন

গত তিন মাসে (এপ্রিল-জুন) দেশে মোট চার হাজার দুইশ’ ৪৩ টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এদের মধ্যে সাতশ’ ৯২ জন নারী ও এক হাজার একশ’ ৪৬ টি শিশু নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে রোববার বেসরকারি উন্নয়ন সংস্থা ম্যাস লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) নারী ও শিশু অধিকার বিষয়ক তথ্য কেন্দ্র এবং চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত ‘বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি’ শীর্ষক এক সেমিনারে নারী নির্যাতন বৃদ্ধির এ তথ্য প্রকাশ করা হয়।

সারাদেশের মোট দুইশ’ সাতটির মধ্যে একশ’ ৯৫ টি স্থানীয় এবং ১২ টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদন থেকে জানা যায়, গত তিন মাসে সারাদেশে দুই হাজার ২৫ টি নারী নির্যাতনের ঘটনার মধ্যে দুইশ’ ৯৯ টি ধর্ষণ, ৬২ টি ধর্ষণজনিত হত্যা, একশ’ তিনটি যৌন নির্যাতন, ৬৪ টি এসিড নিক্ষেপ, ৫৯ টি অপহরণ, তিনশ’ ৪৬ টি যৌতুকজনিত তালাক, ৫৭ টি পাচার, ৯৫ টি সন্ত্রাসী কাজে নারী ব্যবহার, ১৫ টি ফতোয়া, তিনশ’ আটটি আত্মহত্যা, সাতটি গৃহপরিচারিকা নির্যাতন এবং ছয়শ’ ৩৭ টি অন্যান্য নির্যাতনের ঘটনা ঘটে।

অপরদিকে তিন মাসে দুই হাজার দুইশ’ ১৮ টি শিশু নির্যাতনের মধ্যে চারশ’ ৯৪ টি ধর্ষণ ও যৌন নির্যাতন, দুইশ’ ৫২ টি অপহরণ, ২৫ টি এসিড নিক্ষেপ, একশ’ ৮২ টি আত্মহত্যা, ৬২ টি পাচার, ৫২ টি অনাকাঙ্খিত শিশু, ১৫ টি মেয়ে শিশুর প্রতি বৈষম্য, ৪৬ টি নিখোঁজ, ৭১ টি বাল্যবিবাহ এবং ১০১৯ টি অন্যান্য নির্যাতনের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। সেমিনারে আরও বক্তব্য রাখেন এমএমসি’র নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু প্রমুখ।