আমলাদের একটি নোটই প্রকল্পের মৃত্যুর জন্যে যথেষ্ট, সরকার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছে না: বিদ্যুত প্রতিমন্ত্রী
বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ প্রশাসনে আমলাতন্ত্রের তীব্র সমালোচনা করে বলেছেন, আমলাতন্ত্রের কারণে সরকার অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছে না।
আমলাদের একটি নোটই যে কোনো ভাল প্রকল্পের মৃত্যুর জন্যে যথেষ্ট। এ কারণেই চার বছরেও বিদ্যুৎ খাতে প্রয়োজনীয় সংস্কারে তার মন্ত্রণালয় সক্ষম হয়নি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মিলনায়তনে রোববার আয়োজিত এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ, এসপিএম জাতীয় টিম ও ইউএনইএসসিএপি যৌথভাবে ‘বিদ্যুৎ, জ্বালানি ও পল্লী উন্নয়ন নীতিমালা এবং কর্মসূচি’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে।
এতে আরও বক্তব্য রাখেন বিদ্যুৎ বিভাগের সচিব নজরুল ইসলাম, ইউএনইএসসিএপি’র অর্থনীতি বিষয়ক কর্মকর্তা হংপেং লিউ, এসপিএম জাতীয় টিমের সদস্য এসএম মেসবাহুল ইসলাম এবং দেওয়ান জাকির হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যুৎ সেলের মহাপরিচালক বিডি রহমতউল্লাহ।
ইকবাল হাসান মাহমুদ বলেন, চার বছর সরকারি কাজের অভিজ্ঞতায় মনে হয়েছে, আমাদের দেশে মন্ত্রণালয়ের ভেতর থেকে কিছুই হয়না। সব কিছুর জন্যে আমলাতন্ত্রের ধারক সচিবালয়ে যেতে হয়। ফলে প্রতিটি কাজই বিলম্বিত হয়।
বিদ্যুৎ খাতের সংস্কার প্রশ্নে তিনি বলেন, সাধারণ মানুষ মনে করে বিশ্বব্যাংক ও এডিবি’র চাপেই সরকার বিদ্যুৎ খাতে সংস্কার করতে চায়। মানুষের এ ধারণা সঠিক নয়। তারা ব্যাংক, তাদের কাছে ব্যবসাই বড়। কিন্তু বিদ্যুৎ খাতের সংস্কার আসলে দেশের উন্নয়নের জন্যেই প্রয়োজন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, দেশে শুধুমাত্র রপ্তানির জন্যে শিল্প প্রতিষ্ঠা সম্ভব নয়। দেশীয় বাজার সৃষ্টি করা দরকার। আর এটি করতে হলে গ্রামীণ বা পল্লী অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। পল্লী এলাকার মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করতে হবে। পল্লী অঞ্চলে বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা না গেলে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব নয়।
কৃষিখাতে বিদ্যুতের ব্যবহার সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কৃষিনির্ভর গ্রামীণ অর্থনীতির গতি বাড়াতে না পারলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে। এখন কৃষকরা সেচের জন্যে বিদ্যুৎ ব্যবহার করছে। ফলে ডিজেলের চেয়ে প্রায় ৩০ শতাংশ কম খরচে চাষাবাদ করতে পারছে। পোলট্রি শিল্পের জন্যেও বিদ্যুৎ অপরিহার্য। বিদ্যুতের মাধ্যমে পল্লী এলাকার অনেক কাজ এখন সহজ হয়ে গেছে।
বিদ্যুৎ সেলের মহাপরিচালক বিডি রহমতুল্লাহ জ্বালানি নীতিমালা প্রসঙ্গে বলেন, ১৯৯৩ সালে প্রণীত এবং ২০০৩ সালে সংশোধিত জ্বালানি নীতিমালার প্রধান ত্রুটি হচ্ছে, এতে গ্রামীণ চাষীদের সম্পৃক্ত করার বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ নেই।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অচিরেই বিদ্যুৎ খাতে সংস্কারের কাজ শুরু হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বর্তমানে শহর ও গ্রামাঞ্চলে মধ্যে বিদ্যুতের দামের ক্ষেত্রে বৈষম্য রয়েছে। এটি সমন্বয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এর কাজ এখনও শুরু হয়নি।
