২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা শহর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ

ভোলা শহর রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বাঁধের ৪০ কিলোমিটারে প্রায় ৩৩টি পয়েন্টে জোয়ারের পানির তোড়ে ধসের সৃষ্টি হলে পাউবো জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কারের জন্য ১০ জন ঠিকাদার নিয়োগ করে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 09:53 AM

Updated : 26 Apr 2022, 05:56 PM

পাউবোর নিয়োগ করা ঠিকাদাররা রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়মমত কাজ করছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

সূত্র জানায়, বাঁধ সংস্কারে জিও টেক্সটাইল কাপড়ের ওপর সিনথেটিক ব্যাগে ১৭৫ কেজি মাটি ভরে বাঁধের ঢালে ফেলার কথা থাকলেও ঠিকাদাররা তা করছে না। নিম্নমানের লবণ ও সারের বস্তায় ২০/৩০ কেজি মাটি ভরে জিও টেক্সটাইল কাপড় ছাড়াই বাঁধের ঢালে ফেলা হচ্ছে বলে বাঁধ এলাকার সাধারণ মানুষ জানায়।

ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতলী বাঁধ এলাকার লোকজন জানায়, পানি সম্পদ মন্ত্রী শুক্রবার বাঁধের সংস্কার কাজ পরিদর্শনে গেলে ঠিকাদাররা তাকে দেখানোর জন্য জিও টেক্সাটাইল কাপড় এনে রাখে। মন্ত্রী চলে যাওয়ার পর ঠিকাদারদের ওই কাপড় ব্যবহার করতে দেখা যায়নি।

শনিবার সরেজমিন পরিদর্শনে গেলে শতাধিক শ্রমিক সাংবাদিকদের জানান, মন্ত্রী আসবে বলে কাজ শুরু করা হয়েছিল। মন্ত্রী চলে যাওয়ার পর আর কাজ করা হচ্ছে না।

স্থানীয় এলাকাবাসী অভিযোগে জানান, হাজার হাজার মানুষের এই দুর্ভোগের জন্য পাউবোর এক শ্রেণীর অসাধু কর্মচারি আর অর্থলিপ্সু ঠিকাদাররা দায়ি।

নাম প্রকাশে অনিচ্ছুক পাউবোর একটি সূত্র জানায়, ৩০ জুনের আগে জরুরি কাজের জন্য বিশিষ্ট ১০ জন ঠিকাদার নিয়োগ করতে চাইলে স্থানীয় প্রভাবশালী নেতারা বিপত্তি ঘটায়। কাজ নিয়ে দলীয় কোন্দলের জন্য বাঁধ সংস্কার প্রায় এক মাস দেরি হয়ে যায়। যে কারণে বর্তমানে তড়িঘড়ি করে কাজ করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, বিকল্প বাঁধের ধ্বস ঠেকাতে পুরাতন বাঁধের মাটি কেটে ব্যাগে ভরা হচ্ছে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, এই পুরাতন বাঁধ থাকলে মেঘনার ঢেউয়ের আঘাত প্রাথমিকভাবে বাধাপ্রাপ্ত হত এবং এর ফলে নতুন বাঁধ কম ক্ষতিগ্রস্ত হত। কিন্তু ওই বাঁধ কেটে ফেলায় এখন নতুন বাঁধ সহজেই ধসে পড়ছে।

এদিকে ভোলা পাউবো-১ এর নির্বাহি প্রকৌশলী বিডিনিউজকে জানান, এখন পূর্ণিমার জোয়ারের চাপ ঠেকাতে দ্রুত কাজ করা হচ্ছে। পরে নিয়মমত কাজ করা হবে। এখানে অনিয়মের কোন সুযোগ নেই।