বাগেরহাটে যুব লীগের সম্মেলনে হামলায় পুলিশসহ আহত শতাধিক, রোববার অর্ধদিবস হরতাল
বাগেরহাটের কচুয়ায় শনিবার দুপুরে বিএনপি’র সশস্ত্র ক্যাডারদের হামলায় উপজেলা যুব লীগের সম্মেলন পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় পুলিশসহ আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এর প্রতিবাদে যুব লীগ রোববার বাগেরহাট জেলায় অর্ধ দিবস হরতাল আহ্বান করেছে।
এঘটনায় কচুয়া থানার এসআই নুরুজ্জামান মল্লিক আহত হওয়ার ব্যাপারে এসআই সোলায়মান বাদি হয়ে কচুয়া থানায় মামলা করেছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজরা আসাদুল ইসলাম পান্নাসহ ১৬ জনকে এতে আসামি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ক্যাডাররা যুব লীগ ও ছাত্র লীগ নেতা-কর্মীদের বহনকারী দুটি বাস, একটি মাইক্রোবাস ও পুলিশের একটি পিক-আপ ভ্যান ভাংচুর করে।
আওয়ামী লীগ ও যুব লীগ এ ঘটনার জন্যে জেলা বিএনপি সভাপতি ও স্থানীয় এমপি এমএএইচ সেলিমকে দায়ী করে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, এমপি সেলিমের নির্দেশে কচুয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, তালিকাভুক্ত সন্ত্রাসী ও জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য হাজরা আসাদুল ইসলাম পান্নার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুব লীগের আহ্বায়ক খান মুজিবর রহমান। তবে আওয়ামী লীগের এ অভিযোগ অস্বীকার করেছেন এমপি সেলিম।
শনিবার দুপুরে এ হামলার ঘটনার পর বাগেরহাটের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল এবং সহকারী পুলিশ সুপার মো. ইলিয়াস মিঞা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত এসআই নূরুজ্জামান মল্লিককে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টা নাগাদ কচুয়া চালপট্টি মাঠে যুব লীগের সম্মেলনপূর্ব র্যালী কচুয়া জিরো পয়েন্টে পৌঁছালে সম্পূর্ণ বিনা উস্কানীতে স্থানীয় বিএনপি অফিস থেকে একদল সশস্ত্র যুবক এ হামলা চালায়। এসময় যুবদল ক্যাডারদের হামলায় কচুয়া থানার এসআই নুরুজ্জামান মল্লিকের মাথা ফেটে যায়।
বাগেরহাটের পুলিশ সুপার মোস্তফা কামাল জানান, জিরো পয়েন্টে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে কয়েকজন যুবক দৌড়ে এসে কিছু দূরে দাঁড়ানো একটি বাসে হামলা চালালে পুলিশ বাধা দেয়। এসময় তারা একজন পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেয়। এরপর বিক্ষিপ্তভাবে কিছু হামলার ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতা হাজরা আসাদুল ইসলাম পান্না ঘটনার সময় দলীয় কার্যালয়ের সামনে ছিলেন।
এসপি বলেন, হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা করার জন্যে নির্দেশ দেয়া হয়েছে।
