আসিয়ান আঞ্চলিক ফোরামের সদস্যপদ লাভ করেছে বাংলাদেশ
আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর সদস্যপদ লাভ করেছে বাংলাদেশ।
লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে শুক্রবার অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের দ্বাদশ বৈঠকে এর ২৬তম সদস্য হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি অনুমোদিত হয়।
২০০৬ সালে কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্র মন্ত্রীদের ১৩তম বৈঠক থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সদস্যপদ কার্যকর হবে।
পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান শনিবার সাংবাদিকদের বলেন, এটা আমাদের জন্য সুখবর। আসিয়ান আঞ্চলিক ফোরামে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।
দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে পাকিস্তান গত বছর থেকে এবং ভারত শুরু থেকেই আসিয়ান আঞ্চলিক ফোরামের সদস্য।
