২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ফজিলাতুন্নেছা হলের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে অনিশ্চয়তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ নিয়ে ১৪ দিন পরও অনিশ্চয়তা বিরাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

কলা অনুষদের ডীন অধ্যাপক সদরুল আমিনকে প্রধান করে গঠিত সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান ২৯ জুলাই রাতে কমিটি থেকে পদত্যাগ করেছেন। এদিকে তদন্ত কমিটির রিপোর্ট ৩০ জুলাই দেওয়ার কথা থাকলেও তা নিয়ে গড়িমসি চলছে।

অধ্যাপক মাহবুবুর রহমান তদন্ত কমিটি থেকে পদত্যাগ করা সম্পর্কে বিডিনিউজকে বলেন, ফজিলাতুন্নেছা হলের প্রভোস্টের পদত্যাগপত্র গ্রহণ না করেই অন্য একজনকে প্রভোস্টের পদে বহাল করা এবং অন্তবর্তীকালীন রিপোর্ট দেওয়ার কথা থাকলেও তা না দেওয়াই মূলত পদত্যাগের কারণ।

তিনি বলেন, হলের তদন্ত কমিটির রিপোর্ট দ্রুত প্রকাশের ব্যাপারে প্রশাসনের কোনো ইচ্ছাই নেই। তদন্তের নামে সময় পার করে পুরো ব্যাপারটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

কমিটির প্রধান অধ্যাপক সদরুল আমিন বিডিনিউজকে বলেন, তদন্ত কমিটির রিপোর্ট কবে প্রকাশ করা হবে, সে ব্যাপারে ৩১ জুলাই সিদ্ধান্ত নেওয়া হবে, যদিও ৩০ জুলাই রিপোর্ট দেওয়ার শেষ সময় ছিল।

সূত্র জানায়, কমিটির রিপোর্ট প্রকাশ করার জন্যে তদন্ত কমিটি আরো সময় চাইতে পারে, যাতে তারা এর পেছনে অতিরিক্ত সময় ব্যয় করে পুরো ব্যাপারটি ধামাচাপা দিতে পারে। সূত্র আরো জানায়, এ সময়ের মধ্যে প্রশাসন মেয়েদের ক্ষমা চাইতে বাধ্য করতে পারে। অথবা পুরনো প্রশাসনকে আবার হলের দায়িত্বে ফিরে যেতে অনুরোধ করতে পারে।

বর্তমানে বেগম ফজিলাতুন্নেছা হলের অতিরিক্ত প্রভোস্টের দায়িত্বে আছেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট তাহমিনা আখতার। তিনি জানান, হলের জরুরি সব কাজ তিনি আপাতত দেখছেন। এছাড়া তিনজন নন-টিচার হাউজ টিউটর রয়েছেন, যারা বর্তমানে হলের সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন। কোনো আবাসিক শিক্ষিকা ছাড়া হলের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।

ফজিলাতুন্নেছা হলেরই আবাসিক একজন শিক্ষার্থী জানান, প্রায় তিনদিন হলো তিনি জামালপুর থেকে ঢাকায় এসেছেন। কিন্তু তিনি হলে থাকতে পারছেন না হলের প্রশাসনিক অবস্থার কারণে। তাকে হলে থাকার অনুমতি দেওয়ার জন্যে নেই কোনো আবাসিক শিক্ষিকা। এছাড়াও প্রশাসনিক কার্যক্রম না থাকায় মেয়েরা হলে নানারকম অসুবিধার সম্মুখীন হচ্ছে।