মানিকগঞ্জ ও বাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু
মানিকগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিডিনিউজ-এর ব্রহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রহ্মণবাড়িয়া সদর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালপুর গ্রামে শনিবার বর্ষার পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে গোয়ালপুর গ্রামের বিল্লাল হোসেনের পুত্র সোহেল (৩) ও হেলাল মিয়ার কন্যা রুমা (৩) খেলতে গিয়ে বাড়ির পাশে বর্ষার পানিতে ডুবে মারা যায়।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মায়ের সাথে রাগ করে খালে গোসল করতে গিয়ে শনিবার লাশ হয়ে ফিরল ভাই-বোন সীমা (৫) ও নাসির (৪)। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ঘিওর উপজেলার পুকুরিয়া গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদ শরীফের ছেলে নাসির ও মেয়ে সীমা শুক্রবার বিয়ের দাওয়াতে যাওয়ার জন্যে মাকে গোসল করিয়ে দিতে বলে। মা ডলি বেগমের দেরি হলে রাগ করে তারা পার্শ্ববর্তী খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
শনিবার সকালে জেলেদের জালে দুই ভাই-বোনের লাশ উঠে আসলে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
