২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ মাসের মধ্যে জাতীয় স্বাস্থ্যনীতির সংশোধন চূড়ান্ত করতে হবে : ড. মোশাররফ

আগামী চার মাসের মধ্যে জাতীয় স্বাস্থ্যনীতির সংশোধন চূড়ান্ত করতে হবে। ম্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন শনিবার জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন কমিটির তৃতীয় বৈঠকে এই পরামর্শ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

শনিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্বকালে মন্ত্রী স্বাস্থ্যনীতির প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন সম্পন্ন করার ওপর জোর দেন।

সূত্র জানায়, বৈঠকে ইতোপূর্বে গঠিত পাঁচটি বিষয় ভিত্তিক উপ-কমিটির দাখিলকৃত সুপারিশসমূহ নিয়ে আলোচনা হয়। এ সকল সুপারিশকে আরও সার সংক্ষেপ হিসেবে উপস্থাপনের জন্য স্বাস্থ্য সচিব এএফএম সরওয়ার কামালকে আহ্বায়ক করে এবং প্রতিটি উপ-কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের নিয়ে ১৪ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী দু’মাসের মধ্যে জাতীয় স্বাস্থ্যনীতি সংশোধনের সুপারিশসমূহ চূড়ান্তভাবে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সমন্বয় কমিটির সুপারিশসমূহের আলোকে পরবর্তী মাসে জাতীয় পর্যায়ে একটি কর্মশালার আয়োজন করা হবে। কর্মশালার সুপারিশসমূহকে সন্নিবেশিত করে পরবর্তী মাসেই জাতীয় স্বাস্থ্য নীতির সংশোধন ও পরিমার্জন চূড়ান্ত করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে কমিটির সদস্য আলহাজ্ব ডা. মোহাম্মদ আলী এমপি, স্বাস্থ্য সচিব এএফএম সরওয়ার কামাল, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম এ মালিক এবং রোকেয়া এ রহমান, জাতীয় অধ্যাপক এমআর খান, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক এম এ হাদী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আব্দুর রহমান খান, অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান মজুমদার এবং বিএমএ’র ভারপ্রাপ্ত মহাসচিবসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।