জিন্টুর ফাঁসির আদেশ মওকুফে সরকার ও রাষ্ট্রপতির ভূমিকা সম্পূর্ণ আইন ও সংবিধানসম্মত: আইন মন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ আবারো বলেছেন, মহিউদ্দীন আহমেদ জিন্টুর ফাঁসির দণ্ডাদেশ মওকুফে সরকার ও রাষ্ট্রপতির ভূমিকা সম্পূর্ণ আইন ও সংবিধানসম্মত। শনিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
আইন মন্ত্রী বলেন, এটি ১৯৮২ সালের সামরিক আদালতে একটি মামলার ফাঁসির আদেশ। সামরিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের কোনও সুযোগ নেই।
আইন মন্ত্রী আরও বলেন, যারা আইনের শাসনে বিশ্বাসী, এ ধরনের আদালতের রায়ের প্রতি তাদের কোনও শ্রদ্ধা নেই।
তিনি বলেন, এ মামলার এজাহারে জিন্টুর নাম ছিল না এবং তার বিরুদ্ধে প্রত্যক্ষ কোনও স্বাক্ষীও নেই। এ বিষয়ে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সুপারিশ করেছে, তা অত্যন্ত যুক্তিযুক্ত।
ব্যারিস্টার মওদুদ বলেন, যুবদলের নেতা হিসেবে নয়, কোনও সাধারণ নাগরিকও যদি সামরিক আদালতের দণ্ডাদেশ মওকুফের আবেদন জানাত, তাহলেও আইন মন্ত্রণালয় একই সুপারিশ করত।
তিনি আরও বলেন, একই মামলার আসামি আবুল কালাম মানিকেরও একই দণ্ডাদেশ হয়েছিল। ১৯৮৭ সালে পাঁচবছর পর আত্মসমর্পণ করলে ২৪ ঘন্টার মধ্যে তার সেই সাজা মওকুফ হয়।
তিনি আরও উদাহরণ দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড তার মেয়াদ শেষ হওয়ার এক ঘন্টা আগে ৭৫ বছরের সাজাপ্রাপ্ত একজন আসামির সাজা মওকুফ করেন। তিনি জানান, আমাদের দেশেও এধরনের আরও উদাহরণ রয়েছে।
