২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদের নিন্দা করে মার্কিন মুসলিম পন্ডিতদের ‘ফতোয়া’

সব রকম সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রবাদকে অনৈসলামিক আখ্যা দিয়ে মার্কিন মুসলিম পন্ডিতদের একটি দল বৃহস্পতিবার একটি ‘ফতোয়া’ জারি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 03:20 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

ফতোয়া পড়তে গিয়ে সংবাদ সম্মেলনে ফিকহ্ কাউন্সিল অব নর্থ আমেরিকা’র চেয়ারম্যান মুজাম্মিল সিদ্দিকী বলেন, নিরপরাধ মানুষের বিরুদ্ধে ধর্মীয় উগ্রবাদ ইসলামে পুরোপুরি নিষিদ্ধ। সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রবাদের প্রতি ইসলামের কোন সমর্থন নেই।

মুজাম্মিল সিদ্দিকী বলেন, আত্মঘাতী বোমা হামলা অথবা অন্য যে কোন উপায়ে বেসামরিক নাগরিক ও তার সম্পত্তির উপর হামলা পরিচালনা করা সম্পূর্ণ ‘হারাম’ (নিষিদ্ধ)। যারা এসব বর্বরোচিত কর্মকান্ড চালিয়ে থাকেন, তারা ‘শহীদ’ নয়, অপরাধী।

আল-কোরআন ও হযরত মুহম্মদ (সঃ) এর হাদিসের আলোকে ইসলামী আইন ও বিচার বিশেষজ্ঞ ও এক্ষেত্রে সুপ্রশিক্ষিত ১৪ জন মার্কিন মুসলিম পন্ডিত যুক্তভাবে ফতোয়াটি অনুমোদন করেন।

পন্ডিতগণ কোরআনের বেশ কিছু আয়াতের উপর ভিত্তি করে এই ফতোয়া জারি করেন। যেমন, ‘‘যখন কেউ (অন্যায়ভাবে) একজন ব্যক্তিকে হত্যা করে, তখন সে গোটা মানব জাতিকে হত্যা করে। যখন সে একজন মানুষকে রক্ষা করে, তখন সে পুরো মানব জাতিকে রক্ষা করে।’’ (আল কোরআন ৫ঃ৩২)।

ফতোয়ায় মুহম্মদ (সঃ)কে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘সকল সৃষ্টিই আল্লাহ’র পরিবারের সদস্য এবং যে ব্যক্তি আল্লাহ্’র পরিবারের সকলের প্রতি দয়ালু ও যত্মশীল, সে আল্লাহ্’র কাছে সবচেয়ে প্রিয়’।

ফতোয়ায় তিনটি মৌলিক ঘোষণা দেয়া হয় । প্রথমত, বেসামরিক নাগরিকের বিপক্ষে পরিচালিত সকল সন্ত্রাসবাদ ইসলামে নিষিদ্ধ; দ্বিতীয়ত, একক কোন ব্যক্তি অথবা কোন সংগঠন যদি সন্ত্রাসবাদী কোন কার্যকলাপের সাথে জড়িত থাকে, তবে সেই ব্যক্তি অথবা সংগঠনকে সহযোগিতা করা মুসলিমদের জন্য নিষিদ্ধ এবং তৃতীয়ত, বেসামরিক প্রাণ রক্ষার্থে আইন রক্ষাকারী সংস্থাদের সহযোগিতা করা সকল মুসলিমের ধর্মীয় ও সামাজিক কর্তব্য।

মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩০টি মুসলিম সংগঠনের প্রতিটিই ইতোমধ্যে ফতোয়াটি অনুমোদন করেছে। এই অনুমোদনের পক্ষে সমর্থন জানানোর জন্য অধিকাংশ সংগঠনের প্রতিনিধি ফতোয়া জারির সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।