২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইরিন হত্যা মামলার আসামিদের জামিন বাতিল

নাট্যশিল্পী ও টিভি উপস্থাপিকা অনিমা আবিদা আইরিন হত্যা মামলার প্রধান আসামি আবু কায়সার চিশতিসহ তিন আসামির জামিন বৃহস্পতিবার আদালত বাতিল করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 08:07 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

রাষ্ট্রপক্ষে সরকারি আইনজীবী (পিপি) মাইনুদ্দীন আসামি আবু কায়সারের মাত্র এক দিনের জন্যে মঞ্জুর করা জামিন বাতিলের আবেদন জানালে ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ আদেশ দেন।

বিচারক গোলাম মর্তুজা মজুমদার তার আদেশে বলেন, একজন মাত্র আসামির জামিন বাতিলের আবেদন জানানো হলেও তিনজনেরই জামিন বাতিল করা হলো।

জামিন বাতিলের আবেদনে বলা হয়, আবু কায়সার মামলাটিকে শুরুতেই শেষ করে ফেলার জন্যে নানা কৌশল নিয়েছিল। মামলার বিচার কাজ ব্যাহত করতে সে নানা ধরনের চেষ্টা চালায়।

জামিন বাতিলের মাত্র একদিন আগে বুধবার বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে আসার পরও হাইকোর্টের আদেশ গোপন রেখে আবু কায়সার জামিন নেয়। এ বিষয়ে একটি দৈনিকে সংবাদ প্রকাশ হওয়ার পর আদালত পাড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

এতে জামিনদাতা একই আদালতের বিচারক সাংবাদিকদের ওপর চরমভাবে ক্ষুব্ধ হন।

বৃহস্পতিবার জামিন বাতিলের আবেদনের শুনানিকালে প্রকাশ্য এজলাসেই ওই বিচারক বলেন, মামলার সকল আসামির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শেষে রায়ের অপেক্ষায় রয়েছে। তবে ওই আসামির বিচার প্রক্রিয়া কেবল শুরু হয়েছে। কারণ উচ্চ আদালতে মামলায় ওই আসামির অপরাধ বিচারের ওপর নিষেধাজ্ঞা ছিল, যা সম্প্রতি প্রত্যাহার করা হয়েছে।

২০০১ সালের ৭ অক্টোবর রাত ১০টায় আইরিন গ্রীন রোড স্টাফ কোয়ার্টার গেটে একটি চায়ের দোকানের সামনে খুন হন। কোয়ার্টারে নাগরিক নাট্যাঙ্গনের একটি নাটকের মহড়ায় অংশ নিয়ে ওই সময় তিনি বের হন।

এ ব্যাপারে দায়ের করা মামলার তদন্ত শেষে তার স্বামী আবু কায়সার চিশতিসহ তিনজনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়। এতে বলা হয়, কায়সার চিশতির নির্দেশে আইরিনের সহকর্মী সোহেলের সহযোগিতায় তাকে হত্যা করা হয়েছে।