দুই সহোদরকে পুলিশি হেফাজতে নির্যাতন, হাসপাতালে ভর্তি
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলার দুই আসামীকে গ্রেফতার করে সারারাত নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশের নির্যাতনের শিকার দুই সহোদর আজিজুর রহমান সোহেল (২৬) এবং মতিউর রহমান জুয়েল (২৪) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বুধবার রাত ৯ টায় তাদের গ্রেফতার করার পর প্রথমে লাঠি দিয়ে পেটানো হয় এবং পরে বৈদ্যুতিক শক দেওয়া হয়। পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম ইকবাল এ প্রসঙ্গে বলেন, গ্রেফতারকৃত দুই যুবক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করার কারণে সামান্য আহত হয়। তবে রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক জানিয়েছেন, সোহেল ও জুয়েলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নগরীর হেতেম খা এলাকায় বর্ণালী সিনেমা হলের পেছনে নিরালা ছাত্রবাসের দুইজন বোর্ডারের সঙ্গে চুক্তিভঙ্গ এবং হুমকি প্রদানের অভিযোগে বুধবার রাত আটটায় সোহেল ও জুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বাদী আবদুর রশিদ এজাহারে উল্লেখ করেন, তাকে যে কক্ষ দেওয়ার কথা ছিল, তা দেওয়া হয়নি। এ বিষয়ের প্রতিবাদ করলে আসামীরা তাকে মারধোর করে এবং তিনতলা থেকে ফেলে দেওয়ার হুমকি দেয়।
এই মামলার ভিত্তিতে রাত ৯ টায় বাসা থেকে সোহেল ও জুয়েলকে গ্রেফতার করা হয়।
