মানুষের মধ্যে সমঝোতা তৈরিতে আইনজ্ঞরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বলেছেন, নিয়মিত সফর ও মতবিনিময়ের মাধ্যমে পার্শ্ববর্তী দেশের মানুষের সঙ্গে সমঝোতা তৈরিতে আইনজ্ঞরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে মন্ত্রী বুধবার সফররত ভারতীয় বার অ্যাসোসিয়েশনের ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বারের চেয়ারম্যান আদিস সি. আগারওয়ালা।
মন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে ইন্দো-বাংলা সম্পর্কের ওপর আলোকপাত করা হয়েছে। এছাড়াও উভয় দেশের সাধারণ মানুষের মধ্যে একই মনোভাব, ইতিহাস, সংস্কৃতি ও আবেগ বিরাজমান।
প্রতিনিধি দলের নেতা বলেন, উভয় দেশের সাধারণ মানুষের কল্যাণে ভারতীয় আইনজ্ঞরা বাংলাদেশের আইনজ্ঞদের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী।
