২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ সহায়তা প্রদানে নিট রফতানিকারকদের দাবি প্রত্যাখ্যান করেছেন অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান নগদ অর্থ সহায়তা বাড়ানোর ব্যাপারে নিটওয়্যার আমদানিকারকদের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তা করার কোনও সুযোগ নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

পরিকল্পনা মন্ত্রণালয়ে বুধবার নিটওয়্যার রফতানিকারকদের একটি প্রতিনিধি দল তার সাথে এ ব্যাপারে আলোচনা করতে গেলে তিনি বলেন, আমাদের দেড়শ’ থেকে দুইশ’ কোটি টাকার রাজস্ব ঘাটতি রয়েছে, তাই এ সময়ে আপনাদের নগদ অর্থ সহায়তা প্রদানের সামর্থ আমাদের নেই।

বাংলাদেশ নিটওয়্যার প্রস্ততকারক ও রফতানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

প্রতিনিধি দল ও অর্থমন্ত্রীর মধ্যে কর অবকাশ, এ ক্ষেত্রে প্রচলিত আইনের সংশোধন ও ভর্তুকির তিনশ’ কোটি টাকা প্রদানের ব্যাপারে আলোচনা হয়।

সম্প্রতি ভারত সরকার বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভঙ্গ করে সেখানকার নিটওয়্যার রফতানিকারকদের ২২ থেকে ২৩ ভাগ ভর্তুকি সহযোগিতা প্রদানের পরপরই দেশীয় রফতানিকারকরা ভর্তুকি সহযোগিতা বাড়ানোর দাবি জানালেন।

রফতানিকারকরা জানান, ভারতীয় রফতানিকারকরা ভর্তুকি সুবিধার হারে নিটওয়্যার রফতানি করায় দেশীয় নিটওয়্যার রফতানি মার খাচ্ছে।

বিকেএমইএ’র সভাপতি বলেন, অর্থমন্ত্রী নগদ অর্থ সহায়তা বাড়ানোর ব্যাপারে অস্বীকৃতি জানালেও কর অবকাশ প্রদানের ব্যাপারে রাজি হয়েছেন। এছাড়া আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে বকেয়া থাকা নগদ অর্থ সহায়তার একাংশ প্রদান করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

বিকেএমইএ’র সভাপতি বলেন, এ খাতে প্রচলিত আইন সংশোধনের জন্য শিগগিরই একটি কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, সরকারের যথার্থ সহযোগিতা পেলে আগামী দুই থেকে পাঁচ বছরের মধ্যে চীনের বিশাল বাজার আমাদের নিটওয়্যার শিল্পের বাজারে পরিণত হতে পারে। আগামী মাসেই আমাদের নিটওয়্যার পণ্যের প্রথম চালান চীনে পাঠানো হচ্ছে।