মহেশখালীতে পাড়ায় পাড়ায় সংঘর্ষ , ৪ ঘন্টা গুলিবিনিময় নিহত ১ আহত ২০
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কুতুবজুম ইউনিয়নে বুধবার রক্তক্ষয়ী সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও পুলিশসহ ২০ জন আহত হয়েছে।
দীর্ঘ দিনের জমি নিয়ে বিরোধের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ইউনিয়নের পূর্ব পাড়ায় সকাল বেলা শুরু হয়ে প্রায় ৪ ঘন্টা ধরে দুই পক্ষের গুলিবিনিময় চলে।
মহেশখালী থানা পুলিশ ও মাতারবাড়ী ফাঁড়ি পুলিশ দুই পাড়ার মধ্যে সংঘটিত এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে না পেরে কক্সবাজার জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ডেকে পাঠায়। দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামী ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন বলে সূত্র জানায়।
পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুতুবজুম ইউনিয়নের পুর্ব পাড়া এলাকার দ’ুটি গ্রাম বুজুরুক আলী পাড়া ও আলফাতুন পাড়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার সকাল প্রায় ৮ টার দিকে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়। এতে ফরিদ মিয়া (২৪) নামে এক ব্যক্তি নিহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ ২০ জন আহত হয়। আহতদের মধ্যে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ ৩ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফরিদ মিয়াকেও গুরুতর অবস্থায় ককক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। আহত পুলিশ দু’জন হচ্ছেস এসআই নাছির ও এএসআই ফরিদ। স্থানীয় সুত্র জানায়, বুজুরক আলী পাড়ার মৌলভী গফুর ও আলফাতুন পাড়ার নাগু মেম্বারের নেতৃত্বে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে দু’পক্ষ অন্তত ৩০টি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। গুলিবিনিময় হয়েছে দুই শতাধিক।
খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ও মাতারবাড়ী ফাঁিড় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পুলিশের এই দু’টি দল সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে না পেরে কক্সবাজার জেলা সদর থেকে জরুরিভিত্তিতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত পুলিশ যাওয়ার পর দু’পক্ষই পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। নির্বাহী কর্মকর্তা আরো জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর ঘটনায় জড়িতদের গ্রেফতার করে অন্যদের ছেড়ে দেয়া হবে।
এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
