বন্যা পরিস্থিতির আরও উন্নতি
সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।
আবহাওয়া অফিস সূত্র জানায়, পাশাপাশি ঢাকা, নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ, মাদারীপুর এবং আশপাশের নিচু এলাকার বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।
ব্রহ্মপুত্র ও যমুনা নদীর সকল পয়েন্টে পানি হ্রাস অব্যাহত রয়েছে। এছাড়াও মেঘনা উপত্যকা ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার বিভিন্ন নদ-নদীতে পানি হ্রাস পেয়েছে।
পর্যবেক্ষণ করা ৮৬টির মধ্যে ১৮টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে, ৪৭টি পয়েন্টে হ্রাস পেয়েছে, পাঁচটি পয়েন্টে অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং আটটি পয়েন্টে (ডেমরার বালু নদীতে, নারায়ণগঞ্জের লক্ষ্যায়, গোয়ালন্দ ও ভাগ্যকূলে পদ্মা নদীতে, মোদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে, কানাইঘাটে সুরমায়, জারিয়াঝাঞ্জাইলে কংশ এবং চাঁদপুরে মেঘনা) পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ঢাকায় বুড়িগঙ্গা নদীর পানি দুই সেমি বৃদ্ধি পেয়েছে। ডেমরায় বালু নদীর পানি এক সেমি বৃদ্ধি পেয়েছে এবং বিপদসীমার ৫৫ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নারায়ণগঞ্জের লক্ষ্যা নদীর পানি তিন সেমি বৃদ্ধি পেয়েছে এবং বিপদসীমার ১১ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মিরপুরে তুরাগ নদীর পানি পাঁচ সেমি বৃদ্ধি পেয়েছে। একই সময়ে টঙ্গীতে টঙ্গী খালের পানি পাঁচ সেমি বৃদ্ধি পেয়েছে।
ভাগ্যকূলে গঙ্গা-পদ্মা নদীর পানি চার সেমি বৃদ্ধি পেয়েছে এবং গোয়ালন্দ ও ভাগ্যকূলে যথাক্রমে বিপদসীমার ১৫ সেমি ও ৩২ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুরমা নদীর পানি কানাইঘাটে ২৩ সেমি এবং সিলেটে ১৫ সেমি হ্রাস পেলেও সুনামগঞ্জে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। কানাইঘাটে এখনও সুরমা নদীর পানি বিপদ সীমার দুই সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
চাঁদপুরে মেঘনা নদীর পানি ১০ সেমি হ্রাস পেলেও এখনও বিপদসীমার ২৫ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘন্টায় (বুধবার সকাল ৯ টা পর্যন্ত) ব্রহ্মপুত্র অববাহিকার কয়েক স্থানে হালকা, গঙ্গা ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার বিভিন্ন স্থানে হালকা থেকে সমাঝারি বৃষ্টিপাত এবং মেঘনা অববাহিকার বিভিন্ন স্থানে হালকা ও দু-এক জায়গায় ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এসময় সুনামগঞ্জে ৬০ মিমি, পটুয়াখালীতে ৩৩ মিমি, টেকনাফে ৩২ মিমি, সাতক্ষীরায় ২৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
