কেরাণীগঞ্জে গলাকাটা এক কিশোরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার
কেরাণীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ এলাকা থেকে বুধবার সকালে হাত, পায়ের রগ ও গলাকাটা অবস্থায় এক কিশোরকে মুমূর্ষু অবস্থায় পুলিশ উদ্ধার করেছে।
কিশোরের নাম রাকিবুল হাসান (১২)।
পুলিশ জানায়, অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী মঙ্গলবার রাতে রাকিবুলকে যাত্রাবাড়ি এলাকা থেকে তুলে নিয়ে যায়। পরে কেরাণীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ এলাকায় নিয়ে সন্ত্রাসীরা হাত পা বেঁেধ তার ওপর নির্মম অত্যাচার চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা কিশোরটি মারা গেছে মনে করে তাকে ফেলে রেখে চলে যায়।
কেরাণীগঞ্জ থানা পুলিশ বুধবার সকালে একজন রিকশা ওয়ালার কাছে খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসরা জানিয়েছেন, রাকিবুলের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, রাকিবুলের বাসা যাত্রাবাড়ি এলাকায়। তার পিতার নাম রইস উদ্দিন। এ দুটি তথ্য ছাড়া সে আর কিছু জানাতে পারেনি।
পুলিশের ধারণা পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যার চেষ্টা হতে পারে ।
