আগামী সাধারণ নির্বাচন নিয়ে কূটনীতিকদের সাথে সরকারের বিতণ্ডা
বিদেশি কূটনীতিকদের সাথে সরকারের আগামী সাধারণ নির্বাচন নিয়ে বিতণ্ডা চলছে। অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কারণে পররাষ্ট্র মন্ত্রী এম. মোর্শেদ খান মঙ্গলবার বিদেশি কূটনীতিকদের কড়া ভাষায় সমালোচনা করেছেন।
টুয়েজডে গ্রুপ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম. মোর্শেদ খান বলেন, কূটনীতিকদের কূটনৈতিক রীতি নীতি মেনে চলা উচিত। তিনি বলেন, কূটনীতরা কোনও যৌথ দরকষাকষির এজেন্ট (সিবিএ) নন। তথাকথিত কোনও গ্রুপের নির্দেশনায় রাষ্ট্র চলবে না।
টুয়েজডে গ্রুপ অনানুষ্ঠানিক একটি কূটনীতিক ফোরাম। গত ২০০১ সালের সালের ১ অক্টোবরের সংসদ নির্বাচনকে সামনে রেখে ফোরামটি জোর তৎপরতা চালায়। এ গ্রুপে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানির শীর্ষস্থানীয় রাষ্ট্রদূতরা এ গ্রুপে রয়েছেন।
আগামী সাধারণ নির্বাচনকে বাংলাদেশের জন্য ‘চরম এক অধ্যায়’ হিসেবে চিহ্নিত করে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সম্প্রতি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার সংস্কার ইস্যুতে প্রধান রাজনৈতিক দলগুলোর আলোচনায় বসা উচিত।
সংবাদ সম্মেলনে ব্রিটিশ হাইকমিশনার বলেন, আমরা মনে করি বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটি চরম এক অধ্যায়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং প্রত্যাশিত হবে বলে আমরা আশা রাখি। আমরা এ ব্যাপারে আগেও আপনাকে সহযোগিতা করেছি এবং আবারও সহযোগিতা করব।
আগামী সাধারণ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে ব্যাপারে দেশ ও বিদেশের প্রায় চারশ’ অংশগ্রহণকারীকে নিয়ে নভেম্বরে এক গোল টেবিল আলোচনা অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রদূতদদের পরিকল্পনা রয়েছে।
কিন্তু সরকার রাষ্ট্রদূতদের কর্মকাণ্ডের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে এবং তাদের কর্মকাণ্ডকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করছে। তিনি বলেন, যে বিষয়টি সংসদে আলোচনা করার মতো সেটি নিয়ে সংসদেই আলোচনা হওয়া উচিত। তিনি বলেন, কোনও কূটনীতিক অন্যদেশের সংবিধান সংশোধন এবং রাষ্ট্র পরিচালনার কোনও ব্যাপারে মন্তব্য করতে পারে না।
মোর্শেদ খান বলেন, তিনি কোনও টুয়েজডে বা ওয়েডনেজডে গ্রুপ সম্পর্কে কিছু জানেন না, কিছু বোঝেনও না।
ওই গ্রুপকে ইঙ্গিত করে তিনি বলেন, কোনও গ্রুপের নির্দেশনায় নয়, দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এটা কোনও ট্রেড ইউনিয়ন নয়। তারা এখন ট্রেড ইউনিয়ন বা সিবিএর মতোই দাবি রাখছে।
তিনি বলেন, টুয়েজডে গ্রুপ স্বনামধন্য কোনও প্রতিষ্ঠান নয়, এটি কূটনীতিকদের একটি ক্লাব, যারা শুধু সেমিনার আয়োজন করতে পারে।
মোর্শেদ খান বলেন, অন্য কোনও প্রতিষ্ঠান নয়, কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই রোলস অব বিসনেস অনুযায়ী কূটনৈতিক সম্পর্ক পরিচালিত হয়।
নভেম্বর বা ডিসেম্বরে এ গ্রুপের প্রস্তাবিত গোলটেবিল আলোচনা সম্পর্কে তিনি বলেন, এ আলোচনার ব্যাপারে আমি কিছু জানি না।
সাধারণ নির্বাচনে নির্বাচন পর্যবেক্ষক সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের লুকানোর কিছু নেই। নির্বাচন কমিশন নির্বাচন পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে।
অন্য এক প্রশ্নের জবাবে মোর্শেদ খান জানান, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত মোফাজ্জল করিমকে ডেকে পাঠানো হয়েছে কি না সে ব্যাপারে তিনি জানেন না এবং সেখানে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত কারও নাম তিনি শুনেননি।
