উখিয়ায় আটক ২ মায়ানমার সৈন্যকে নাসাকার কাছে হস্তান্তর
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী মায়ানমারের দুই সেনা সদস্যকে সোমবার সন্ধ্যায় স্বদেশে ফেরত দেওয়া হয়েছে।
বাংলদেশের ঘুমধুম সীমান্তে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর দু’জনকে
নাসাকা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তাদের কাছ থেকে পাওয়া অস্ত্র, গোলা-বারুদও এসময় ফিরিয়ে দেওয়া হয়।
বৈঠকে তিন সদস্য বিশিষ্ট বাংলাদেশ দলের নেতৃত্ব দেন ২৩ রাইফেলস ব্যাটালিয়ন কামান্ডার লে: কর্নেল আবু তাহের মুহাম্মদ ইব্রাহিম। অপরদিকে ২০ সদস্যের নাসাকা বাহিনীর পক্ষে নেতৃত্ব দেন ৩ নং সেক্টরের উপ পরিচালক তোয়ে অং।
দুটি অত্যাধুনিক অস্ত্র এবং গোলাবারুদসহ নাসাকা বাহিনীর দুই সদস্য সেকশন কমান্ডার বুচি নাইংচু (১৯) এবং সিপাহী মোওয়েং (১৮)কে সোমবার সকালে উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক করা হয়।
