চলতি বছর অস্ট্রেলিয়া ৫৮ হাজার মেট্রিক টন গম সহায়তা দেবে
অস্ট্রেলীয় খাদ্য সাহায্য কর্মসূচির আওতায় ২০০৫-২০০৬ অর্থবছরে অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশকে অনুদান হিসেবে ৬৯ কোটি টাকা মূল্যের ৫৮ হাজার মেট্রিক টন গম দেবে।
মঙ্গলবার এনইসি কমিটি কক্ষে বাংলাদেশ সরকার ও অস্ট্রেলিয় সরকারের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. ইসমাইল জবিউল্লাহ এবং অস্ট্রেলিয় সরকারের পক্ষে ভারপ্রাপ্ত হাই কমিশনার রিচার্ড রজাস চুক্তিতে স্বাক্ষর করেন।
তথ্য বিবরণীতে জানানো হয়, স্বাধীনতার পর থেকে অস্ট্রেলীয় সরকার বাংলাদেশকে খাদ্য সাহায্য দিয়ে আসছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অস্ট্রেলীয় সরকার প্রদত্ত এ অনুদান দুস্থ জনগোষ্ঠীর উন্নয়ন, সমন্বিত খাদ্য নিরাপত্তা ও স্কুল ভিত্তিক খাদ্য কর্মসূচিতে ব্যবহার করবে।
