প্রবল জোয়ারের পানিতে নিঝুমদ্বীপ ও বরিশালের নিম্নাঞ্চল প্লাবিত
গত কয়েকদিনের প্রবল জোয়ারের পানিতে নোয়াখালীর নিঝুম দ্বীপ প্লাবিত হয়ে হরিণ, গবাদি পশু এবং বেশ কয়েকটি মৎস্য খামার ভেসে গেছে।
দ্বীপের প্রধান সড়কের বিভিন্ন স্থানেও ফাটল ধরেছে। জোয়ারের পানিতে বরিশাল নগরীর নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে।
বিডিনিউজের নোয়াখালী প্রতিনিধি জানান, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ৩ দিনের জোয়ারে বঙ্গোপসাগর থেকে ৬ ফুট পানিতে গোটা নিঝুম দ্বীপ প্লাবিত হয়ে যায়। এতে দ্বীপের ১ হাজার গরু ছাাগল, কয়েক হাজার হাস মুরগী, মৎস্য খামারের মাছ ও দ্বীপের কয়েক’শ হরিণ জেলে ভেসে যায়। এছাড়া জোয়ারের পানিতে নিঝুমদ্বীপের প্রধান সড়কটিন স্থানে স্থানে ধসে পড়ে। অবস্থা আরো ভয়াবহ রুপ নিতে পারে এ আশংকায় দ্বীপবাসী আতংকে দিন কাটাচ্ছে।
বিডিনিউজের বরিশাল প্রতিনিধি জানান, পূর্নিমার জোয়ার এবং প্রবল বাতাসের কারণে বরিশালের নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় নগরীর নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। নগরীর কীর্তনখোলা নদীর তীর ঘেষে হাটখোলা, পলাশপুর, চরবদনা, স্টেডিয়াম, বস্তিসহ আমানতগঞ্জের কয়েকটি গুচ্ছগ্রাম হাটু সমান পানিতে ডুবে আছে। এদিকে কীর্তনখোল সংলগ্ন এলাকা স্রোতে ভেসে যাওয়ায় বহু লোক গৃহহীন হয়ে পড়েছে।
