অধ্যাপক ওয়াকিল আহমদের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক অসততার অভিযোগ
লোকসাহিত্য গবেষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ওয়াকিল আহমদের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক অসততার অভিযোগ পাওয়া গেছে।
অধ্যাপক ওয়াকিল আহমদের ‘লালন গীতি সমগ্র’ নামক গ্রন্থে ফকির লালন সাঁইয়ের ৬৪০ টি গান অন্তর্ভূক্ত করে দাবি করেন, তার গ্রন্থ প্রকাশের আগে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সর্বাধিক ৪৬২ টি গান প্রকাশিত হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই গ্রন্থটির নাম ছিল ‘লালন গীতিকা’।
কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, অধ্যাপক ওয়াকিল আহমদের দাবিটি সত্যি নয়। ফকির আনোয়ার হোসেন মন্টু শাহ‘র সম্পাদনায় ইতোমধ্যে প্রকাশিত ‘লালন সঙ্গীত’ গ্রন্থে লালন সাঁইয়ের ৮০০ গান অন্তর্ভূক্ত আছে।
গ্রন্থে অন্য সকল সংগ্রাহকদের নাম ওয়াকিল আহমদ উল্লেখ করলেও সর্বাধিক লালনগীতির সংগ্রাহক মন্টু শাহ‘র নাম কোথাও উল্লেখ করেননি। এ প্রসঙ্গে ওয়াকিল আহমদ জানান, তিনি মন্টু শাহ‘র বইয়ের কথা জানতেন না। তবে পরবর্তী সংস্করণে তিনি এ বিষয়টি উল্লেখ করবেন।
ওয়াকিল আহমদের গ্রন্থ প্রসঙ্গে মন্টু শাহ বিডিনিউজকে বলেন, তার মতো একজন শিক্ষিত মানুষের কাছ থেকে এ ধরণের আচরণ দুঃখজনক। মন্টু শাহ আরও জানান, লালন সঙ্গীত (প্রথম খন্ড) গ্রন্থটি প্রকাশ করার পর তিনি বাউল গবেষক আবুল হাসান চৌধুরীর সাথে অধ্যাপক ওয়াকিল আহমদের বাসায় গিয়ে গ্রন্থটি তাকে উপহার হিসেবে দিয়েছিলেন। দ্বিতীয় খন্ড প্রকাশ হলে উপহার হিসেবে এবং তৃতীয় খন্ড অর্থের বিনিময়ে ওয়াকিল আহমদ ক্রয় করেন বলে মন্টু শাহ জানান।
তিনি আরও বলেন, দীর্ঘ ৪৫ বছর ধরে বিভিন্ন বাউল আখড়া-মাজার ও বাউল গুরুদের কাছ থেকে তিনি লালন ফকিরের গান সংগ্রহ করছেন এবং ইতোমধ্যে ১৯৯৩ সাল থেকে তিন খন্ডে গ্রন্থাকারে তা প্রকাশ করেছেন।
লোকসাহিত্য গবেষক অধ্যাপক ওয়াকিল আহমদের ‘লালন গীতি সমগ্র’ প্রকাশিত হয় ২০০২ সালের এপ্রিলে। বাংলাবাজারের ‘বইপত্র’ নামে একটি প্রকাশনী গ্রন্থটি প্রকাশ করেন। অধ্যাপক ওয়াকিল আহমদ ‘লালন গীতি সমগ্র’ গ্রন্থে ফকির লালন সাঁইয়ের ৬৪০ টি গান ছাড়াও ৪৬০ পৃষ্ঠার এ গ্রন্থের প্রথমে রয়েছে ৩২ পৃষ্ঠা ব্যাপী ‘লেখকের নিবেদন’, ‘ভূমিকা’, ‘লালন গানের পাঠ সমীক্ষা’ ও ‘সংগ্রহ ও সম্পাদনা’ নামে চারটি লেখা।
গ্রন্থের ‘সংগ্রহ ও সম্পাদনা’ শীর্ষক অংশে অধ্যাপক ওয়াকিল আহমদ লালন সঙ্গীত সংগ্রহে কাঙাল হরিনাথ মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর, মনসুরউ্িদ্দন আহমদ, উপেন্দ্রনাথ ভট্টাচার্য, সনৎকুমার মিত্রের অবদান উল্লেখ করে বলেন, ‘মতিলাল দাস ও পীযূষকান্তি মহাপাত্র সম্পাদিত ও কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত লালন গীতিকা’ (১৯৫৮) আর একটি নির্ভরযোগ্য সংকলন। এতে ৪৬২টি লালনের গান আছে। এযাবৎ সংকলিত গ্রন্থের মধ্যে এ সংখ্যাই সর্বাধিক’। গ্রন্থের ভূমিকায় ওয়াকিল আহমদ বিভিন্ন লালন সঙ্গীত সংগ্রাহকদের নাম গুরুত্বের সঙ্গে উল্লেখ করলেও কোথাও ফকির আনোয়ার হোসেন মন্টু শাহ‘র নাম উল্লেখ করেন নি।
অনুসন্ধান করে জানা গেছে, ইতোমধ্যে ফকির আনোয়ার হোসেন মন্টু শাহ‘র সম্পাদনায় প্রকাশিত লালন সঙ্গীত (প্রথম খন্ড), লালন সঙ্গীত (দ্বিতীয় খন্ড), ও লালন সঙ্গীত (তৃতীয় খন্ড) গ্রন্থে ৮০০ লালন গীতি অন্তর্ভূক্ত আছে। এ গ্রন্থটি তিনটি যথাক্রমে ১৯৯৩, ১৯৯৫ এবং ১৯৯৮ সালে প্রকাশিত হয়।
গবেষকদের মতে, লালনের গান প্রথমে সংগ্রহ ও প্রকাশ করেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেক মনিষী লালনের গান সংগ্রহ ও প্রকাশ করেন। লালনের মৃত্যুর প্রায় ১০০ বছর পর পর্যন্ত শিক্ষিত মানুষদের প্রচেষ্টায় লালন ফকিরের প্রায় সাড়ে চারশ’ গান সংগৃহীত হয়। পাকিস্তান আমলে বাংলা একাডেমী, লালন একাডেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠান লালন সঙ্গীত সংগ্রহের উদ্যোগ নিলেও তেমন সাফল্য দেখাতে পারেনি।
এ পরিস্থিতিতে লালন মাজার শরীফ ও সেবা সদন কমিটির সভাপতি ফকির আনোয়ার হোসেন মন্টু শাহ লালনের গান সংগ্রহের উদ্যোগ নেন। বাউল সাধক ও শিল্পীদের সহায়তায় তিনি প্রায় সাড়ে আটশ’ গান সংগ্রহ করেন এবং তিন খন্ডে ৮০০ গান প্রকাশ করেন। এ কাজে বাউলদের মহায়তা পেলেও তিনি কোন সরকারি বা বেসরকরি প্রতিষ্ঠানের সহায়তা পাননি।
