২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ আগস্ট ঢাকা থেকে কাতার এয়ারওয়েজের আরও দুটি ফ্লাইট

ঢাকা ও দুবাইয়ের মধ্যে বর্তমানে সপ্তাহে পাঁচটি ফ্লাইটের জায়গায় আগামী ছয় আগস্ট থেকে কাতার এয়ারওয়েজ সাতটি ফ্লাইট পরিচালনা করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও নেপালে কাতার এয়ারওয়েজের আঞ্চলিক ব্যবস্থাপক ধন্বন্তরী গূণতিলকে এ কথা জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশকে কাতার এয়ারওয়েজ কতটা গুরুত্ব দেয়, সম্প্রসারিত এই কার্যক্রম তারই বহিঃপ্রকাশ ।

তিনি বলেন, ফ্লাইট সংখ্যা বৃদ্ধির ফলে আমরা বাংলাদেশ থেকে ২৫ শতাংশ বেশি যাত্রী ও অতিরিক্ত কার্গো বহন করতে পারবো। একই সঙ্গে দেশটির অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাও সম্ভব হবে।

গূণতিলকে বলেন, কাতার এয়ারওয়েজে ভ্রমণকারী যাত্রীদের, বিশেষ করে ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য সহজে দোহা থেকে উইরোপ ও অন্যান্য গন্তব্যে যাওয়ার সুবিধার্থে আমরা সন্ধ্যায় এ দুটি ফ্লাইট (কিউআর ৩৪৩, শনি ও মঙ্গলবার) চালু করছি।

তিনি বলেন, কাতার সম্প্রতি চিকিৎসা, প্রকৌশল, পেট্টোলিয়াম, তথ্য প্রযুক্তিসহ অন্যান্য সেক্টরে ৬০ হাজার দক্ষ, আধা দক্ষ ও অদক্ষ বাংলাদেশীর কর্মসংস্থানের পরিকল্পনা করেছে। এতে উভয় দেশের মধ্যে যাতায়াত আরও বৃদ্ধি পাবে। ঢাকা ও দোহার মধ্যে ফ্লাইট সংখ্যার এই বৃদ্ধি সঠিক সময়ে করা হয়েছে।

সম্মেলনে বাংলাদেশে কাতার এয়ারওয়েজের এরিয়া ম্যানেজার শামশাদ আহসান, ওরিক্স এভিয়েশন লি. এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ উপস্থিত ছিলেন।

এয়ারক্রাফটে আরও বেশি বাংলাদেশী কেবিন ক্রু নিয়োগের ব্যাপারে প্রশ্ন করা হলে শামশাদ বলেন, বাংলাদেশী যাত্রীরা যাতে সাচ্ছন্দ্য বোধ করতে পারেন, সে জন্য বাংলাদেশ থেকে কয়েকজন বাংলা ভাষাভাষি বিমানবালা নিয়োগ করা হয়েছে। এছাড়াও অচিরেই আরও বিমানবালা নিয়োগ করা হবে।

নতুন ফ্লাইট চালু উপলক্ষে কাতার এয়ারওয়েজ ইকোনমি ক্লাসের বাংলাদেশী যাত্রীদের জন্য ৭৫ ডলার অতিরিক্ত বিজনেস ক্লাস অফারের ঘোষণা দিয়েছে। এই সুবিধার আওতায় আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত যাত্রীরা অতিরিক্ত ব্যাগেজ পরিবহন, বিজনেস ক্লাস লাউঞ্জ ব্যবহার ও প্রিভিলেজ ক্লাবের কিউমাইল দ্বিগুন করার সুবিধা পাবে।

দোহা থেকে ঢাকাগামী বাংলাদেশী যাত্রীদের সঙ্গে অসাদাচরণের অভিযোগ প্রসঙ্গে এরিয়া ম্যানেজার বলেন, তিনি এ ব্যাপারে নজর রাখবেন।

বর্তমানে দোহা থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ, দূর প্রাচ্যের মোট ৬৬ টি গন্তব্যে কাতার এয়ারওয়েজের ফ্লাইট চালু রয়েছে।