২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লক ৭: ইউনোকল বর্ধিত চুক্তি স্বাক্ষর করেছে

দেশের ৭ নম্বর ব্লকে গ্যাস অনুসন্ধানের জন্য মার্কিন ইউনোকল সোমবার পেট্রোবাংলার সঙ্গে উৎপাদন বন্টন চুক্তি (পিএসসি)’র অতিরিক্ত একটি চুক্তি স্বাক্ষর করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বর্ধিত চুক্তির অধীনে ইউনোকল ব্লকটির বরিশাল, পটুয়াখালি, ঝালকাঠি ও পিরোজপুর অঞ্চলের ১,০০০ কিলোমিটার এলাকায় সাইসমিক জরিপ পরিচালনা করবে। এ বছরের শেষে জরিপ শুরু হয়ে তা আগামি বছর পর্যন্ত চলবে।

ইউনোকল ২০০০ সালের ২ এপ্রিল সরকার, পেট্রোবাংলা ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এ›ড প্রোডাকশন কোম্পানি লি. (বাপেক্স) এর সঙ্গে উৎপাদন বন্টন চুক্তি (পিএসসি) স্বাক্ষর করে। তৎকালীন সরকারের নীতিমালা অনুযায়ী ব্লকে বাপেক্স’র ১০ শতাংশ শেয়ার রয়েছে।

পিএসসি অনুযায়ী গ্যাসের চাহিদার ওপর ভিত্তি করে পিএসসি স্বাক্ষরকারী যে কোনো কোম্পানি সর্বোচ্চ ৫ বছর অনুসন্ধান কার্যক্রম স্থগিত রাখতে পারে। বর্ধিত চুক্তি অনুসারে ইউনোকল বাংলাদেশ এই ব্লকে পেট্রোলিয়াম অপারেশন কার্যক্রম কিছুটা পুনর্বিন্যাস করে গ্যাস অনুসন্ধান শুরু করতে যাচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, এ ব্লকটিতে গ্যাস পাওয়া গেলে দক্ষিনাঞ্চলের জ্বালানি সমস্যার সমাধান হবে।

তিনি জানান, চুক্তির আলোকে এখানে চারটি গ্যাস কূপ খনন করা হবে।

ইউনোকল বাংলাদেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করতে গিয়ে এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক এন্ডু এল. ফথ্রপ বলেন, মেঘনার পশ্চিমে গ্যাস অনুসন্ধানের সুযোগ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। শুধু বর্তমান নয়, বাংলাদেশের ভবিষ্যত গ্যাস চাহিদা পূরণে আমরা সক্ষম হবো।

পেট্রোবাংলার চেয়ারম্যান এসআর ওসমানী এবং বাপেক্স’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম জামালউদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউনোকল বাংলাদেশ বর্তমানে জালালাবাদ ফিল্ড থেকে প্রতিদিন ২০০ মিলিয়ন ঘনফুট ও মৌলভীবাজার থেকে প্রতিদিন ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে। আগামী বছরের শেষের দিকে বহুল আলোচিত বিবিয়ানা থেকে গ্যাস উৎপাদন শুরু করবে ইউনোকল।