২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পিডিবির সাব-স্টেশনগুলো জরাজীর্ণ

চট্টগ্রাম মহানগরীতে বিদ্যুতের ১৯টি সাব স্টেশনের মধ্যে ১৬টির অবস্থা খুবই জরাজীর্ণ ও নাজুক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 03:53 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, ১৯টি সাব স্টেশনের মধ্যে ১৬টিই বিশ বছরের পুরনো। শুধু রামপুর, মাদারবাড়ী ও মুরাদনগর এ তিনটি সাব স্টেশন বছর দুই আগে স্থাপন করা হয়।

১৯টি সাব-স্টেশন দিয়ে দৈনিক তিন থেকে সাড়ে তিন শ’ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়।

চট্টগ্রাম পিডিবি’র একজন শীর্ষ স্থানীয় প্রকৌশলী বিডিনিউজকে বলেন, পাকিস্তান আমলে স্থাপিত এসব সাব-স্টেশন দিয়ে রীতিমত ঝুঁকি নিয়ে কাজ চালাতে হচ্ছে। পুরাতন ও জরাজীর্ণ সাব-স্টেশন দিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা বর্তমানে খুবই জটিল হয়ে পড়েছে।

খুলশী ১৩২/৩৩ কেভি সাব-স্টেশনে ২৩ জুলাই ব্রেকার বিস্ফোরণ ঘটে। এর ফলে মহানগরীর পূর্ব জোন অর্থাৎ অর্ধেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। আংশিক মেরামত করে খুলশী সাব-স্টেশন চালু করা হলেও গত তিন দিনে নগরীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। ষাটের দশকে নির্মিত খুলশী সাব-স্টেশনটি সর্বশেষ ১৯৮৪ সালে একটি জাপানী কোম্পানির সহায়তায় সংস্কার করা হয়।

চট্টগ্রাম মহানগরীর ১৯টি সাব স্টেশনের মধ্যে দু’টি ১৩২/৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন। অপর ১৭টি সাব স্টেশন ৩৩/১১ কেভি ক্ষমতা সম্পন্ন। ১৩২/৩৩ কেভি সাব স্টেশন দু’টি জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত। এ দু’টি সাব-স্টেশন দিয়ে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সংগ্রহ করা হয়।

নগরীর পশ্চিম জোনের জন্যে হালিশহর ১৩২/৩৩ সাব স্টেশন দিয়ে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সংগ্রহ করা হয়।

পিডিবি সূত্র আরও জানায়, মহানগরীর জন্যে ১৯৯২ সালে তিনটি ১৩২/৩৩ কেভি সাব-স্টেশন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়। এ পরিকল্পনার আওতায় বাকলিয়া, শাহমীরপুর ও (জুলদাতে) এই তিনটি সাব-স্টেশন স্থাপনের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।

পিডিবি চট্টগ্রাম জোনে সরবরাহ ব্যবস্থা আধুনিক করার লক্ষ্যে ৮৫০ কোটি টাকা ব্যয়ে কুয়েত ফান্ডের সহায়তায় একটি প্রকল্প বাস্তবায়ন করছে। ২০০৬ সালের জুনে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও, তা নিয়ে বর্তমানে সংশয় দেখা দিয়েছে।