ধামরাইয়ে গৃহবধূ খুন
ধামরাইয়ে রোববার গভীর রাতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী।
নিহত গৃহবধূর নাম আমেনা বেগম (৩৮)। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সাথে জড়িতরা পলাতক রয়েছে।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ধারমাই উপজেলার সোমভাগ ইউনিয়নের দেবসাই গ্রামের হাসান আলীর (৪০) সাথে পাশের গ্রামের এক মহিলার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হাসান কিছুদিন আগে সৌদিআরব থেকে দেশে ফিরেছে। হাসানের সাথে ওই মহিলার পরকিয়া প্রেমের সম্পর্ক জানাজানি হলে তার স্ত্রী আমেনা বেগম ঘটনার প্রতিবাদ জানায়। রোববার গভীর রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসান, ইমাম ও হানিফসহ তিনজন মিলে আমেনাকে বেধড়ক পিটালে সে জ্ঞান হারিয়ে ফেলে।
পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আমেনার মৃত্যু হয়।
