জয়পুরহাটে চলতি মৌসুমে বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি
জয়পুরহাট জেলায় চলতি মৌসুমে বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এদিকে সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
জেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হলেও সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হয়েছে।
জানা যায়, চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৩শ‘ ৯৬ মেট্রিক টন, সংগ্রহ হয়েছে পাঁচশ‘ এক দশমিক ১০ মেট্রিক টন এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ২৮ হাজার নয়শ‘ ৫৯ মেট্রিক টন। সংগ্রহ হয়েছে ২০ হাজার পাঁচশ’ ৯০ দশমিক ৩১ মেট্রিক টন।
এদিকে ২৩ জুলাই রাতে উপমন্ত্রী জয়পুরহাট সার্কিট হাউজে অনুষ্ঠিত বোরো ধান-চাল সংগ্রহ অভিযান সম্পর্কে জেলা খাদ্য শস্য ক্রয় কমিটি ও স্থানীয় মিল মালিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসক আবুল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল আলীম এমপি, পুলিশ সুপার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী, জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন জয়পুরহাট পৌরসভার চেয়ারম্যান ফজলুর রহমান প্রমুখ।
এই মত বিনিময় সভায় উপমন্ত্রী জয়পুরহাটে ধান ও চাল সংগ্রহ অভিযানকে সফল করে তুলতে চালের মিল মালিকদের ‘ইনসেনটিভ বোনাস‘ হিসেবে কেজি প্রতি ৫০ পয়সা দেওয়ার ঘোষণা করেন। সেই সাথে তিনি মিল মালিকদের সতর্ক করে দিয়ে বলেন, যারা এবার সরকারি খাদ্য গুদামে ধান-চাল সরবরাহের চুক্তি করবে না, আগামীতে তাদের কোন বরাদ্দ দেওয়া হবে না।
