চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও চাঁপাই-আমনূরা-রহনপুর রেলপথের করুণ দশা
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও চাঁপাই-আমনূরা-রহনপুর রেলপথ দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে প্রায়শই ঘটছে রেল দুর্ঘটনা। যাত্রীদের চলাচল করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের প্রায় ৫৫ কিলোমিটার ও চাঁপাইনবাবগঞ্জ-আমনূরা-রহনপুর রুটের প্রায় ৪০ কিলোমিটার রেলপথের ৭৫ ভাগ স্লিপার পুরোপুরি নষ্ট হয়ে গেছে। স্লিপারগুলোর অবস্থান স্বাভাবিকের চেয়ে বেশি দূরত্বে, রেল লাইনে পাথরের পরিবর্তে কোথাও বালি কোথাও ইটের টুকরা দেওয়া আছে, কোন কোন জায়গায় স্লিপার আটকানো আছে কাঠের খুঁটি দিয়ে। এর ফলে রেল লাইন সমান্তরাল না হয়ে অসম হয়ে রয়েছে।
জানা গেছে, এ পথে ট্রেন চলাচল করে মাত্র ১০ কিলোমিটার গতিতে।
দূর্বল রেল লাইনের কারণে এ রুটে এখন ট্রেন চলাচল কমে গেছে। আগে যেখানে ট্রেন চলত ৬টি, এখন সেখানে চলে মাত্র ৩টি।
জানা যায়, এক দশক আগে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ৯৫-৯৬ অর্থ বছরে আয় করেছিল দুৃই কোটি ৭৪ লাখ সাত হাজার নয়শ’ ৮৪ টাকা। অথচ ২০০৪-২০০৫ অর্থ বছরে আয় করে মাত্র আট লাখ ৯৭ হাজার সাতশ’ ২৯ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রেল কর্মকর্তা বিডিনিউজকে জানান, বিভিন্ন রুটের ট্রেন বন্ধ করে দেওয়ার কারণে আগে এ স্টেশন একদিনে যা আয় করত, এখন এক বছরেও সেই আয় হয় না।
তিনি আরও বলেন, পশ্চিম রেলের মূল আয়ের উৎস রহনপুর স্টেশন। এই স্টেশন দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করে। কিন্তু রেল সংস্কার না করায় আমদানিকারকরা নিরুৎসাহিত হচ্ছে।
এদিকে রেল সূত্রে জানা গেছে, দু’দশক ধরে রেল লাইনের সংস্কার না করায় গত এক বছরে ৩৫ বার ট্রেন লাইনচ্যুত হয়।
সর্বশেষ গত ১৮ জুলাই ৩টি ট্রেন লাইনচ্যুত হয়ে ৩০ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকে।
এর পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য আবু হেনা, রুস্তম আলী ফরাজী এমপিসহ পশ্চিম রেলের মহা ব্যবস্থাপক সাইফুর রহমান, প্রধান প্রকৌশলী রুহুল আমিনসহ উর্ধ্বতন কর্মকর্তারা গত ২০ জুলাই বিকেলে রাজশাহী থেকে আমনূরা জংশন পর্যন্ত ৩৮ কিলোমিটার রেলপথ পরিদর্শন করেন।
এসময় স্থানীয় লোকজন জরুরীভিত্তিতে রেলপথ সংস্কারের পর আন্ত:নগর ট্রেন চালুর দাবি জানান।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা বিডিনিউজকে বলেন, রেলপথ সংস্কার না হওয়ার ফলে চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলার মানুষ রেল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে রেল সংস্কার খুব জরুরী হয়ে পড়েছে।
