২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক: স্থায়ী কমিটি

বাণিজ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় পর্যবেক্ষক কমিটি রোববার জানায়, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রয়েছে এবং বাজার ঘুরে দ্রব্যমূল্যের বৃদ্ধি পরিলক্ষিত হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান রেজোয়ান আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা প্রধানমন্ত্রীর সাথে এ ব্যাপারে একমত যে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পরিলক্ষিত হয়নি।

কমিটির চেয়ারম্যানের সাথে সুর মিলিয়ে বিরোধী দল আওয়ামী লীগের সংসদ সদস্য বলেন, আমিও চেয়ারম্যনের সাথে এ ব্যাপারে একমত। তিনি দ্রুত সাংবাদিকদের এড়িয়ে যান। আগামী রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিদর্শন ব্যবস্থা আর জোরদার করার ব্যাপারে স্থায়ী কমিটি মন্ত্রণালয়ের কাছে সুপারিশ জানিয়েছে।

কমিটির এক সদস্য বৈঠকে বলেন, মাইক্রো ক্রেডিটের সুবাদে এখন কৃষকরাও তাদের উৎপাদিত পণ্য মজুদ রেখে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার পর বর্ধিত মূল্যে বিক্রির সুবিধা পাচ্ছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, করিম উদ্দিন ভরসা ও রফিকুল আনোয়ার।