জাতীয় বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রজ্ঞাপন জারি
বিভাগীয় প্রধানদের অনুমোদন ছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারিদের কক্ষের বাইরে ঘোরাফেরা না করার কঠোর নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই অফিস আদেশ অমান্যকারির বিরুদ্ধে কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওয়াকিল আহমদের দ্বিতীয় কর্মদিবস রোববার শান্তিপূর্র্ণভাবে অতিবাহিত হয়েছে।
নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগ পরিদর্শন করেন এবং প্রধানদের সঙ্গে বৈঠক করেন।
অন্যদিকে, সাবেক রেজিস্ট্রার ফিরোজ আহমদ আখতার স্বপদে বহাল হচ্ছেন, এমন গুজব ছড়িয়ে পড়লে রোববার আফতাব বিরোধীরা ফিরোজ আহমদকে গ্রহণের প্রস্তুতি নেন এবং আফতাবপন্থিরা তাকে ঠেকাতে সেকশন অফিসার খন্দকার হানিফের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন।
গত বছরের ২৫ ফেব্রুয়ারি ফিরোজ আহমেদ আখতারকে রেজিস্ট্রার পদ থেকে সরিয়ে পরিচালক (শারীরিক শিক্ষা) পদ সৃষ্টি করে ওই পদে বদলি করা হয়।
