খুলনার সাংবাদিক শুকুর আলী হত্যা মামলার সকল আসামি বেকসুর খালাস
জেলার ডুমুরিয়া উপজেলার চাঞ্চল্যকর সাংবাদিক শুকুর আলী হত্যা মামলার রায়ে নিউ কমিউনিস্ট পার্টির ৩৫ সদস্যকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
খুলনা জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কবিতা খানম রোববার এ রায় প্রদান করেন।
খালাসপ্রাপ্তদের আট জন জেল হাজতে, আট জন জামিনে এবং বাকিরা পলাতক রয়েছে।
জেল হাজতে থাকা আসামিরা হলো, দেবু প্রসাদ ওরফে দেবু, সুকুমার মন্ডল, রুহুল মোল্লা, আকরাম মোল্লা, প্রভাত ওরফে প্রশান্ত, লিটু ও দিলীপ। অপর খালাসপ্রাপ্ত আসামিরা হলো, প্রশান্ত মন্ডল, স্বপন কুমার, বিজয় সরকার, মৃণাল, অনিল, কালিপদ, নাসির, মাহবুব, সুভাষ, বিধান, বিভাস, বিজয়, প্রশান্ত, সমরেজ, গণেশ, সুকুমার, আ. সাত্তার, সুভাষ ও জগদীশ।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৫ জুলাই রাতে চরমপন্থি নিউ কমিউনিস্ট পার্টির সদস্যরা উপজেলার ভান্ডারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে স্থানীয় দৈনিক অনির্বান পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি সাংবাদিক শুকুর আলীকে অপহরণ ও পরে হত্যা করে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ বাদি হয়ে ১০ জুলাই ১৫/১৬ জন অজ্ঞাত দুস্কৃতকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০০২ সালের ১৬ ডিসেম্বর ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার আদালত রায় ঘোষণা করেন।
