২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় পানি বৃদ্ধি, ব্রহ্মপুত্র ও যমুনায় হ্রাস পেয়েছে

দেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধাসহ সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনার বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বন্যা পূর্বাভাস ও সতর্কিকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) সূত্র জানায়, ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ এবং এর আশপাশের নিচু এলাকার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে।

এফএফডব্লিউসি সূত্র আরও জানায়, গোয়ালন্দ পয়েন্ট ছাড়া গঙ্গা ও পদ্মা নদীর পানি সকল পয়েন্টে বাড়লেও আরিচা ছাড়া ব্রক্ষ্মপুত্র ও যমুনা নদীর সকল পয়েন্টে পানি কমেছে।

মেঘনা অববাহিকার বিভিন্ন নদ-নদীতে পানি কোথাও বৃদ্ধি এবং কোথাও হ্রাস পেলেও দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকায় নদ-নদীর পানি হ্রাস পেয়েছে।

পর্যবেক্ষণ করা মোট ৮৬টি পয়েন্টের মধ্যে ৩৫টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে ৩৮টি পয়েন্টে এবং চকরহিমপুরে করতোয়ায়, ডেমরার বালু নদীতে, ভাগ্যকূল ও গোয়ালন্দে পদ্মা নদীতে, কানাইঘাটে সুরমায়, আমলশিদ ও শেওলায় কুশিয়ারায়, জারিয়া-ঝাঞ্জাইলে কংশ এবং চাঁদপুরে মেঘনা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ব্রক্ষ্মপুত্র অববাহিকায় একমাত্র চকরহিমপুরে করতোয়া ও ডেমরার বালু নদী ছাড়া সকল নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নুনখাওয়ায় ব্রক্ষ্মপুত্র ও যমুনা নদীর পানি ১১ সেন্টিমিটার, চিলমারিতে ১২ সেমি, বাহাদুরাবাদে ১৫ সেমি এবং সিরাজগঞ্জে আট সেমি হ্রাস পেয়েছে। কিন্তু একই সময়ে আরিচা ঘাটে দুই সেমি বৃদ্ধি পেয়েছে।

চকরহিমপুরে করতোয়া নদীতে পানি ১০ সেমি হ্রাস পেলেও তা এখনও বিপদসীমার ৫৭ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জামালপুরে পুরনো ব্রক্ষ্মপুত্র নদীর পানি দুই সেমি হ্রাস পেলেও ময়মনসিংহে তিন সেমি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ঢাকায় বুড়িগঙ্গা নদীর পানি চার সেমি হ্রাস পেয়েছে।

ডেমরায় বালু নদীর পানি ছয় সেমি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪০ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে মিরপুরে তুরাগ নদীর পানি ১১ সেমি বৃদ্ধি পেয়েছে।

গঙ্গা অববাহিকার ভাগ্যকূল ও গোয়ালন্দে পদ্মা ছাড়া সকল নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গোয়ালন্দ ও ভাগ্যকূলে পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে যথাক্রমে ২৬ সেমি এবং ২৩ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানখা ও রাজশাহীতে গঙ্গা ও পদ্মা নদীর পানি ১২ সেমি বৃদ্ধি পেয়েছে। গোয়ালন্দ ও ভাগ্যকূলে পদ্মা ছাড়া এই অববাহিকার প্রায় সব নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মেঘনা অববাহিকার কানাইঘাটে সুরমা, আমলশিদ ও শেওলায় কুশিয়ারায়, জারিয়াজঞ্জালে কংশ এবং চাঁদপুরে মেঘনা নদী ছাড়া সকল নদ-নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কানাইঘাটে সুরমা নদীর পানি ১১ সেমি সিলেটে আট সেমি সুনামগঞ্জে হ্রাস পেলেও কানঘাটে এখনও বিপদসীমার ৫১ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুশিয়ারা নদীর পানি আমলশিদে পাঁচ সেমি, শেরপুরে আট সেমি বৃদ্ধি পেলেও শেওলায় হ্রাস পেয়েছে। কিন্তু আমলশিদ ও শেওলায় এখনও বিপদসীমার যথাক্রমে ২৩ ও ১৫ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জারিয়া-ঝাঞ্জাইলে কংশ নদীর পানি ১৭ সেমি হ্রাস পেলেও এখনও বিপদসীমার ১০০ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং চাঁদপুরে মেঘনা নদীর পানি ১০ সেমি বৃদ্ধি পাওয়ায় এখন বিপদসীমার ১৫ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এফএফডব্লিউসি সূত্র আরও জানায়, গত ২৪ ঘন্টায় (রোববার সকাল ৯ টা পর্যন্ত) ব্রহ্মপুত্র অববাহিকার কয়েক স্থানে হালকা এবং গঙ্গা ও দক্ষিণপূর্ব পার্বত্য অববাহিকার কয়েক স্থানে হালকা থেকে মাঝারি এবং মেঘনা অববাহিকার বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় মানু রেলওয়ে সেতু এলাকায় ১২ মিমি, রাজশাহীতে ৩৮ মিমি, মৌলভীবাজারে ৪৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।