৫৪ বছর বিনা বিচারে আটক থাকার পর এক আদিবাসীর মুক্তি
বিনা বিচারে ৫৪ বছর আটক থাকার পর মুক্তি পেয়েছেন আসামের এক আদিবাসী।
৭৭ বছর বয়সী মাচাং লালুং ১৯৫১ সালে তার নিজ গ্রাম আসামের সিলসাং থেকে গ্রেপ্তার হন। ভারতীয় দন্ডবিধির ৩২৬ ধারা অনুযায়ী তাকে আটক করা হলেও তার বিরুদ্ধে কোন অপরাধ দেখাতে পারেনি পুলিশ।
জেলখানায় বেশ কয়েক বছর থাকার পর মাচাংকে আসামের তেজপুরের একটি মানসিক হাসপাতালে পাঠানো হয়। কোন কারণ ছাড়া সেখানে ১৬ বছর কাটানোর পর ১৯৬৭ সালে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সুস্থ ঘোষণা করে গৌহাটি জেল কতৃপক্ষকে চিঠি দেয়। কিন্তু জেল কর্তৃপক্ষ তাকে আনার কোন ব্যবস্থা নেয়নি।
চলতি বছরে মে মাসে তাকে গৌহাটি জেলে পাঠানো হয়। এরপর ভারতের জাতীয় মানবাধিকার কমিশন বিষয়টি জানতে পারে এবং কেসটি হাতে নেয়। কমিশন এ ব্যাপারে আদালতের শরনাপন্ন হয়। চলতি মাসে গৌহাটি আদালতে তার কেসটি ওঠে এবং আদালত তাকে মুক্তি দেয়।
কিন্তু ৫৪ বছর জেলে থাকায় এমনকি নিজের অতীতেরও বেশিরভাগই ভুলে গেছেন লালুং।
