২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের পিতা জীবিত না মৃত: প্রধানমন্ত্রীর প্রতি জামালউদ্দিনের ছেলেরা

বিশিষ্ট ব্যবসায়ী এবং চট্টগ্রামের বিএনপি নেতা অপহৃত জামালউদ্দিন আহমেদের তিন পুত্র তাদের পিতা জীবিত আছেন না মারা গেছেন, সে ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 05:56 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

জামালউদ্দিনের দ্বিতীয় পুত্র চৌধুরী আরমান রেজা চট্টগ্রাম প্রেসক্লাবে তার পিতা অপহৃত হওয়ার দ্বিতীয় বছর পূর্তিতে রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্ন রাখেন, আমাদের বাবা যদি জীবিত থেকে থাকেন তাহলে কবে আমরা তাকে ফিরে পাব?

ব্যবসায়ী জামালউদ্দিন আহমেদ চট্টগ্রাম জেলা (দক্ষিণ) বিএনপির সহ সভাপতি ছিলেন। ২০০৩ সালের ২৪ জুলাই রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চান্দগাঁওয়ের বাসায় ফেরার পথে তিনি অপহৃত হন।

সংবাদ সম্মেলনে আরমান রেজার পাশে ছিলেন তার বড়ভাই ফরমান রেজা এবং ছোটভাই ফোরকান রেজা। তারা অভিযোগ করেন, পুলিশের আইজি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও সরকার তাদের পিতার জীবিত থাকার ব্যাপারে সন্দিহান।

আরমান রেজা জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আবেগজড়িত কণ্ঠে দুই পৃষ্ঠার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, বিগত দুবছর ধরে আমরা আমাদের বাবার øেহ থেকে বঞ্চিত, আমাদের মা তার স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া, অর্থনৈতিকভাবে আমরা পঙ্গু হয়ে পড়েছি এবং আমাদের পরিবার ধ্বংসের পর্যায়ে চলে গেছে।

সংবাদ সম্মেলন উপলক্ষ্যে জামালউদ্দিনের বড় ছেলে ফরমান রেজা লিটন অভিযোগ করেন, আনোয়ারা উপজেলার বিএনপি সাংসদ সারোয়ার জামাল নিজাম তাদের পিতার অপহরণের বিষয়টি এখানেই শেষ করে দেওয়ার জন্যে ব্যক্তিগত সহকারীর মাধ্যমে তাদের খরচের অর্ধেক টাকা পরিশোধের প্রস্তাব করেছেন।

অভিযুক্ত অপহরণকারী এবং ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলামের পৃষ্ঠপোষক হিসেবে নিজামকে চিহ্নিত করে লিটন বলেন, ওই সাংসদের এ প্রস্তাবের উদ্দেশ্য কী? লিটন তার বক্তব্যে আরও জানান, গ্রেফতারকৃত গাড়িচালক আব্দুস সোবহান ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দিতে বলেছে, আনোয়ারার ইউপি চেয়ারম্যান শহীদ এবং ফটিকছড়ির কাসেম চেয়ারম্যান তার বাবাকে অপহরণ করেছে।

জামালউদ্দিনের দুই পুত্র বলেন, অভিযুক্ত ছয় জনের কেউ গ্রেফতার না হওয়ায় এবং অপরাধ জগতের তথ্যের ভাণ্ডার হিসেবে পরিচিত অমর দাসের নিরাপত্তা হেফাজতে মৃত্যু হওয়ায় অপহরণের রহস্য এখনও উন্মোচিত হয়নি।

জামালউদ্দিনের ছেলেরা তাদের বাবার অপহরণের ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক এবং অমোচনীয় বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও তাদের পিতাকে এখনও উদ্ধার করা সম্ভব না হওয়ায় তারা হতাশা প্রকাশ করেন।