২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা চিড়িয়াখানার প্রাণী বিনিময় বন্ধ, বন্দী প্রাণীকূল ভুগছে নানান সমস্যায়

ঢাকা চিড়িয়াখানায় স্বল্প সংখ্যক প্রাণীর মধ্যে প্রজনন চক্র সীমাবদ্ধ থাকায় পশু প্রাণীর আয়ুষ্কাল কমে যাচ্ছে। একই কারণে বাঘ, সিংহ, হরিন, গন্ডার, সজারু, জলহস্তিসহ বিভিন্ন প্রাণীর দেখা দিয়েছে নানা রকমের শারীরিক সমস্যা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজনীন মণি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছেন, অনেক বছর ধরে ঢাকা চিড়িয়াখানার পশু পাখির সঙ্গে অন্য চিড়িয়াখানার প্রাণী বিনিময় না হওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। ঢাকা চিড়িয়াখানার প্রাণীদের মধ্যে এ কারণে দেখা দিয়েছে হরমোনজনিত নানা সমস্যা।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বল্প সংখ্যক প্রাণীর মধ্যে প্রজনন প্রক্রিয়ার কারণে বিভিন্ন রকম রোগেরও বিস্তার ঘটছে।

এরই মধ্যে চিড়িয়াখানার একটি সিংহ পঙ্গু হয়ে গেছে। মেরুদন্ড বাঁকা হয়ে গেছে একটি বাঘের। একটি জলহস্তির স্বাভাবিক শারীরিক বৃদ্ধি হয়নি। একই সমস্যা দেখা দিয়েছে সম্প্রতি জন্মানো সজারুর ক্ষেত্রে। গত বছর একটি গন্ডার শারীরিক সমস্যায় ভুগতে ভুগতে মারা গিয়েছে।

চিড়িয়াখানার পশু চিকিৎসক সেলিম ইকবাল বিডিনিউজকে বলেন, প্রজনন চক্র সীমাবদ্ধ হয়ে পড়ায় পশু পাখির মধ্যে দেখা দিয়েছে হরমোন জনিত লিথালজিন (ষবঃযবধষমবহব) সমস্যা। এতে প্রাণীর স্বাভাবিক শারীরিক ও মানসিক বৃদ্ধি বাধাগ্রস্থ হয়। দেখা দেয় পঙ্গুত্বসহ অস্বাভাবিক আচরণ।

তিনি বলেন, এমন কি কোনো রোগ শোক ছাড়াই হঠাৎ করে কোনো প্রাণীর মৃত্যূ হতে পারে।

ডা. সেলিম বলেন, খাঁচার মধ্যে ছোট্ট পরিসরে বন্দী জীবন যাপন করায় পশু পাখির স্বভাব সুলভ আচরণে বিপুল পরিবর্তন আসে। এগুলো ইচ্ছে করলেই অভয়ারণ্যের প্রাণীর মতো আচরণ করতে পারে না। ফলে তাদের দেখা দেয় দৈহিক ও মানসিক নানা সমস্যা।

তিনি জানান, ঢাকা চিড়িয়াখানার প্রাণীর সঙ্গে দেশে বিদেশের অন্যান্য চিড়িয়াখানার পশু প্রাণীর বিনিময় করা গেলে এ সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব।

ঢাকা চিড়িয়াখানার কিউরেটর মফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজকে তিনি জানান, তাদের পক্ষে থেকে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে ভারত ও নেপালের চিড়িয়াখানার সঙ্গে প্রাণী বিনিময়ের।

তিনি বলেন, তবে বিপুল অংকের বিমান ভাড়া এ ক্ষেত্রে একটি প্রধান বাধা। এ বাধা কাটিয়ে উঠতে এরই মধ্যে বিষয়টি সরকারকে অবহিত করা হয়েছে।

জানা যায়, বছরের পর বছর ধরে প্রাণী বিনিময় না হওয়ায় প্রয়োজন এবং ধারণক্ষমতার চেয়ে ঢাকা চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হরিন, জলহস্তি, গন্ডার, বানরসহ বিভিন্ন প্রাণীর আধিক্য বেশী। এ সব প্রাণীর জন্য কর্তৃপক্ষকে ব্যয় করতে হয় বিশাল অংকের টাকা। আবার বন মানুষ, জিরাফসহ অনেক দুর্লভ ও আকর্ষণীয় প্রাণী নেই চিড়িয়াখানায়।