মেঘনায় ইলিশের আকাল, দাদনধারী জেলেরা বিপাকে
ইলিশ মৌসুমের শুরুতে নোয়াখালীর সুবর্ণচর, হাতিয়া ও রামগতির হাজার হাজার জেলে তোড়জোড় করে মেঘনা নদীতে নামলেও ইলিশ মাছের নাগাল পাচ্ছে না। মৌসুমে ইলিশের আকাল দেখা দিয়েছে মেঘনায়।
রূপালী ইলিশ যেন সোনার হরিণে পরিণত হয়েছে। গভীর নদীতেও জাল ফেলে ইলিশের দেখা মিলছে না। ফলে এসব এলাকার হাজার হাজার জেলে দাদনের টাকা শোধ করতে না পেরে বিপাকে পড়েছে।
সরেজমিনে জানা যায়, মেঘনার সুবর্ণচর, হাতিয়া ও রামগতি চ্যানেলে মৌসুমের শুরুতে ইলিশ ধরার আশায় হাজার হাজার জেলে মহাজনদের কাছ থেকে সুদের ওপরে লাখ লাখ টাকা দাদন নিয়ে নদীতে নামলেও এখনও পর্যন্ত ইলিশের দেখা নেই।
চরবাটা স্টীমার ঘাটে সুবর্ণচরের আকবর মাঝি, মহিম মাঝি ও সিরাজ মাঝিসহ প্রায় অর্ধশতাধিক জেলে বিডিনিউজকে জানান, সারাদিন জাল ফেলেও ১/২টার বেশি ইলিশ পাওয়া যায় না।
তারা আরও জানান, জলদস্যুরা জেলেদের নৌকায় ডাকাতি করছে। ২৯ জুন জলদস্যুরা রামগতির হারিছ মাঝির নৌকায় ডাকাতি করে মাছ ও নগদ টাকা না পেয়ে ৫০ হাজার টাকা মূল্যের জাল লুট করে নিয়ে যায়।
অন্যদিকে মেঘনায় অসংখ্য ডুবো চর থাকার কারণে বড় ইলিশ সাগর থেকে নদীতে আসার সময় চরের সাথে ধাক্কা খেয়ে গতি পরিবর্তন করে আবার সাগরে ফিরে যাচ্ছে বলে মৎস্য কর্মকর্তারা জানান।
অন্যান্য বছরের চাইতে এবার মেঘনা নদী বলতে গেলে ইলিশ শূণ্য হয়ে পড়েছে। অথচ বিগত বছরে ইলিশ মৌসুমের শুরুতেই শ’ শ’ ইলিশ জেলেদের জালে আটকা পড়েছে বলে জেলেরা জানায়।
এদিকে মেঘনা ইলিশ শূণ্য হয়ে পড়ায় একদিকে যেমন জেলেরা করুণ অবস্থায় দিন যাপন করছে। জেলের জালে ইলিশ না উঠায় দাদনধারী জেলারা পড়েছেন বিপাকে।
