হাইকোর্টে রেলওয়ের ডিজি’র ক্ষমা প্রার্থনা
হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও রেলওয়ের টিকিট পরীক্ষাকারীদের (টিটিই) ভ্রমণ ভাতা না দিয়ে আদালত অবমাননার দায়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এএফএম মুস্তাফিজুর রহমান শনিবার আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
টিটিইদের দায়ের করা আদালত অবমাননা সংক্রান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি এমএ মতিন ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একই সাথে আগামী দুসপ্তাহের মধ্যে আবেদনকারীদের ভ্রমণ ভাতা প্রদানের এবং তিন সপ্তাহের মধ্যে তা আদালতকে জানানোর জন্যে রেলওয়ের ডিজিকে নির্দেশ দিয়েছেন।
রেলওয়ের টিকিট পরীক্ষাকারীরা ১৯৭০ সাল থেকে ভ্রমণ ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু ২০০০ সাল থেকে তাদের ভ্রমণ ভাতা বন্ধ করে দেওয়া হয়।
ভ্রমণ ভাতা দেওয়ার দাবি জানিয়ে মনোহরণ মজুমদারসহ বেশ কয়েকজন টিটিই হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করেন এবং হাইকোর্ট ২০০০ সালের ২৯ মে রেলওয়ে কর্তৃপক্ষকে টিটিইদের ভ্রমণ ভাতা দেওয়ার নির্দেশ দেন।
রেলওয়ে কর্তৃপক্ষ হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে। আপিল বিভাগ ওই আপিল আবেদন খারিজ করে দেন।
পরে ২০০৪ সালের ১০ মার্চ টিটিইরা রেলওয়ের ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে একটি আবেদন করেন।
হাইকোর্ট রেলওয়ে কর্তৃপক্ষকে দুমাসের মধ্যে টিটিইদের ভ্রমণ ভাতা দেওয়া এবং তিন মাসের মধ্যে তা আদালতকে জানানোর নির্দেশ দেন।
রেলওয়ে কর্তৃপক্ষ হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আবারও আপিল বিভাগে আপিল করে এবং ২০০৪ সালের ২০ জুন আদালত তা আবারও খারিজ করে দেন।
আদালতের আদেশ সত্ত্বেও আবেদনকারীদের ভ্রমণ ভাতা না দেওয়ায় এবছর তারা রেলওয়ের ডিজির বিরুদ্ধে আবারও আদালত অবমাননার আবেদন করেন।
হাইকোর্ট সম্প্রতি এএফএম মুস্তাফিজুর রহমানকে সশরীরে আদালতে হাজির হয়ে তার অবস্থান ব্যাখ্যা করার আদেশ দেন।
আবেদনকারীদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবদুর রব চৌধুরী।
