২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার শীর্ষ ১০ সন্ত্রাসীর অবস্থান এখন দক্ষিণাঞ্চলে

খুলনার শীর্ষ ১০ চরমপন্থী সন্ত্রাসীর অবস্থান এখন দক্ষিণাঞ্চলেই। পুলিশের একটি গোয়েন্দা সংস্থা সম্প্রতি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শীর্ষ চরমপন্থী সন্ত্রাসীদের প্রোফাইল তৈরি করতে গিয়ে এ তথ্য পেয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 08:53 AM

Updated : 26 Apr 2022, 05:54 PM

র‌্যাবের অভিযানেও এসব দুর্ধর্ষ সন্ত্রাসী ধরা ছোয়ার বাইরে রয়েছে। নতুন করে অভিযানের জন্য পুলিশ তাদের প্রোফাইল তৈরির কাজ শেষ করেছে। কিন্তু এ মুহূর্তে রাজনৈতিক আশ্রয়দাতাদের নাম পরিচয় প্রকাশ করতে চাইছে না পুলিশ।

এদিকে চরমপন্থী সন্ত্রাসীরা সংগঠিত হয়ে আকস্মিক হামলা বা সহিংস ঘটনা ঘটাতে পারে এমন আশংকায় মহানগরীতে এখন চলছে পুলিশের অতিরিক্ত নজরদারি।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সূত্র জানায়, ধরা না পড়া খুলনার শীর্ষ ১০ সন্ত্রাসীর তালিকায় রয়েছে আব্দুর রশিদ মালিথা ওরফে দাদা তপন, শোয়েব, শরিফুজ্জামান সুমন, মুশফিকুর রহমান হীরক, ওয়াজেদ আলম, মাঈন জমাদ্দার, মোহাম্মদ হোসেন মুক্তা, হাফিজুর রহমান হাফিজ, রফিকুল ইসলাম চৌধুরী ওরফে হাসান ও শৈলেন বাড়ৈ।

সূত্র জানায়, দাদা তপনের নেতৃত্বে গঠিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) ক্যাডারদের হাতে গত দু’বছরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পুলিশ, সাংবাদিক ও রাজনৈতিক নেতাসহ দেড় শতাধিক লোক নিহত হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ শতাধিক মামলা রয়েছে।

নগরীর বসু পাড়ার শোয়েব ও সুমন দু’ভাই-ই দুর্ধর্ষ। তপনের পরই তাদের অবস্থান। মাঠপর্যায়ে জনযুদ্ধের যাবতীয় অভিযান এখন তারাই পরিচালনা করছে বলে পুলিশ জানায়। তারা খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবীর বালু হত্যাসহ একাধিক চাঞ্চল্যকর হত্যা মামলায় আসামি।

র‌্যাবের ক্রসফায়ারে নিহত খুলনার শীর্ষ সন্ত্রাসী আসাদুজ্জামান লিটুর প্রধান সহযোগী হীরক সাংবাদিক শামসুর রহমান ও খুলনার সাবেক ডেপুটি মেয়র ইকতিয়ার উদ্দিন বাবলু হত্যাসহ বেশ কয়েকটি বিস্ফোরক দ্রব্য মামলার আসামি।

ওয়াজেদ খুলনা মহানগরীতে শানু-ওয়াজেদ গ্রুপ নামে বহুল আলোচিত। দু’জনে ঘনিষ্ট বন্ধু এবং এক সাথেই অপরাধ কর্মকান্ড ঘটায়। মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অস্ত্র ব্যবসা ওয়াজেদের আয়ের প্রধান উৎস বলে সূত্র জানায়।

জামায়াত-শিবিরের ক্যাডার হিসেবে নগরীতে গোলাম মাওলানা শানুর ব্যাপক পরিচিতি রয়েছে। দুর্ধর্ষ এ সন্ত্রাসী আ’লীগ নেতা এস এম এ রব হত্যার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি।

পুলিশের চোখে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী মাঈন জামাদ্দার। নগরীর জেলাতলা, নতুন বাজার এলাকায় চাঁদাবাজি ও টেন্ডারবাজি মঈন জমাদ্দারের আয়ের প্রধান উৎস। যৌথ বাহিনীর অভিযানে সে গ্রেফতার হলেও প্রভাবশালী রাজনৈতিক এক নেতার তদবিরে ছাড়া পেয়ে যায়। জেলা ছাত্রদল সভাপতি ওহিদুজ্জামান চঞ্চলসহ একাধিক হত্যা মামলার এ আসামি এখন মহানগরীতেই ওই রাজনৈতিক নেতার ছত্রছায়ায় আছে বলে পুলিশ সূত্র জানায়।

সূত্র জানায়, নগরীর ৩১ নং ওয়ার্ড কমিশানার কেএমপি’র তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুক্তা এখন সুন্দরবন এলাকায় রয়েছে। হাফিজ প্রভাবশালী এক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় খুলনায় রয়েছে। হাসান খুলনা মহানগরীর বেশিরভাগ বোমা হামলার সাথে জড়িত।

শৈলেন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা ছেড়ে প্রায়ই এলাকায় আসছে। নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির প্রধান শৈলেন দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পুলিশের তালিকাভুক্ত। র‌্যাবের অভিযানে সে দীর্ঘদিন ভারতে আত্মগোপন করে ছিল। তার বিরুদ্ধে ফাইভ মার্ডারসহ শতাধিক মামলা রয়েছে। তার গুরু মৃনাল ও বরুনকেও সে হত্যা করে বলে পুলিশ জানায়।

এদিকে র‌্যাবের অভিযানে এসব শীর্ষ সন্ত্রাসী গা ঢাকা দিলেও এদের লালিত অপরাধীরা অপরাধ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তাদের রাজনৈতিক শেল্টার আসার খবর এবং ঐক্যবদ্ধভাবে র‌্যাবের ওপর হামলা চালাতে ও রিমোট কন্ট্রোল বিস্ফোরণ ঘটানোর জন্য চরমপন্থীদের ২০ দফা কর্মসূচি সম্বলিত গোপন বিবৃতি পুলিশ প্রশাসনকে নতুন করে ভাবিয়ে তুলেছে।