২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার এরশাদের বিরুদ্ধে বিদিশার মামলা দায়ের

৪০টি ব্ল্যাংক চেককে কেন্দ্র করে এবার এরশাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিদিশা।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

ঢাকার প্রথম মুখ্য জেলা জজ আদালতে সশরীরে হাজির হয়ে সর্বোচ্চ কোর্ট ফি ৪০ হাজার দু’শ ৫০ টাকা জমা দিয়ে শনিবার বিদিশা এ মামলা দায়ের করেন।

মামলায় এরশাদ ছাড়াও তার কর্মচারি গোলাম রেজা ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংককে বিবাদি করা হয়। এ মামলার সাথে এক অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপেরও আবেদন করেছেন বিদিশা।

বিচারক গোলাম কিবরিয়া আদেশে বলেন, বিদিশার ইস্যুকৃত চেকগুলো ব্যবহারে কেন বিরত থাকার আদেশ দেয়া হবেনা এ মর্মে আগামী ১৫ দিনের মধ্যে এরশাদ ও গোলাম রেজাকে কারণ দর্শাতে হবে।

বিদিশার আর্জিতে বলা হয়, এরশাদ ও বিদিশা স্বামী-স্ত্রী থাকাকালে এরশাদ নাভানা লিমিটেড থেকে একটি টয়োটা প্রাডো গাড়ি কেনার জন্য বিদিশাকে প্ররোচিত করেন। পরে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে ২০ লাখ ৬৪ হাজার টাকা ঋণ নিয়ে ২৫ লাখ ৮০ হাজার টাকায় একটি গাড়ি কেনা হয়।

ওই ঋণের কিস্তি পরিশোধের জন্য বিদিশা ৪০ টি ব্ল্যাংক চেক এরশাদকে দেন। এছাড়াও বেশ কয়েকটি সাদা স্ট্যাম্পে বিদিশার স্বাক্ষর নেয়া হয়। তবে ব্যাংকের সাথে ঋণের চুক্তির ব্যাপারে বিদিশার কিছুই জানা ছিলনা।

আরজিতে আরো বলা হয়, বিদিশার ইস্যুকৃত একটি ব্ল্যাংক চেকে দুই কোটি ১৩ লাখ টাকা দেখিয়ে গত ৭ জুলাই বিবাদি গোলাম রেজার পক্ষ থেকে উল্লেখিত টাকা পরিশোধের জন্য বিদিশাকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। যদিও গোলাম রেজার সাথে বিদিশার কোনও লেনদেন নেই বা তাকে কোনও চেক দেয়া হয়নি।

বিদিশার পক্ষে এডভোকেট কাজী এম সাজাওয়ার হোসেন মামলার শুনানি পরিচালনা করেন।