২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়াসম্পন্ন ব্যথানাশক ওষুধ বাজারে

দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ওষুধ কোম্পানি শরীরের জন্যে অত্যন্ত ক্ষতিকর একটি ব্যথানাশক ওষুধ উৎপাদন ও বাজারজাত করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

ওষুধ প্রশাসন অধিপ্তরের কোনও নিষেধাজ্ঞা না থাকায় তারা এর উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ করছে না বলে কোম্পানিগুলোর কর্মকর্তারা জানান।

অবশ্য ওষুধটির প্রধান উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ইনকরপোরেটেড যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনস্ট্রেশন’র (এফডিএ) পরামর্শ মেনে সেদেশে ওষুধটির উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ করে দিয়েছে।

চলতি বছরের এপ্রিলের সাত তারিখ এফডিএ’র রিপোর্ট অনুযায়ী ফাইজার ব্যথানাশক ওই ওষুধ ‘বেক্সটা’র (জেনরিক নাম ভালডিকক্সিব) গবেষণামূলক উৎপাদন প্রত্যাহার করে নেয়।

এদিকে, বাংলাদেশে শুধু নোভার্টিস এর উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ করেছে।

অন্যান্য ওষুধ কোম্পানির কর্মকর্তারা জানান, ‘ভালডিকক্সিব’ সেবনের ফলে রোগীর হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে, ব্যাপারটি তারা জানেন। কিন্তু যেহেতু ওষুধ প্রশাসন অধিদপ্তর এ ব্যাপারে কোনও নিষেধাজ্ঞা দেয়নি, তাই তারা এর উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ করেনি। আর্থরাইটিস আক্রান্তদের জন্যে ব্যবহৃত এ ওষুধের এখন পর্যস্ত কোনও বিকল্প নেই বলে তারা জানান।

অন্যদিকে, ওষুধ প্রশাসন অধিদপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তারা জানান, তারা জানেন, ওষুধটি শরীরের জন্যে অত্যন্ত ক্ষতিকর। কিন্তু তারা যুক্তরাষ্ট্রের এফডিএ’র সুপারিশ মেনে চলেন না। তারা মানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র সুপারিশ।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক হাবিবুর রহমান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওষুধটির বাজারজাতকরণ বন্ধের সুপারিশ করলে আমরা তা বাস্তবায়ন করবো।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক হাবিবুর রহমান আরও বলেন, ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া অত্যন্ত ক্ষীণ। ক্ষতিকর প্রতিক্রিয়ার মাত্রা বেশি হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওষুধটি বাজারজাত না করার সুপারিশ করতো।

তিনি আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশেও এ ওষুধ ব্যবহৃত হচ্ছে।

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব নাজমুল হাসান বলেন, আমরা জানতাম না, ওষুধটি কিছু রোগীর জন্যে বিপজ্জনক হতে পারে বলে ফাইজার এর বাজারজাতকরণ বন্ধ করেছে। আমরা শুধু জানতাম, ফাইজার এ ব্যাপারে অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করেছে ।

তিনি বলেন, মূল উৎপাদনকারী প্রতিষ্ঠান ওষুধটি প্রত্যাহার করলে আমরাও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।