নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণ মজুতদারি, সিণ্ডিকেশন এবং ডলার ও পেট্রোলের মূল্য বৃদ্ধি
মজুতদারি, সিণ্ডিকেশন এবং ডলার ও পেট্রোলের মূল্য বৃদ্ধির কারণে খুচরা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, চিনি এবং পেঁয়াজের দাম বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা শুক্রবার এ কথা জানান।
অন্যদিকে নগরীতে পাইকারি ও খুচরা বাজারের মধ্যে সব্জির দামের ক্ষেত্রে ব্যাপক পার্থক্য দেখা যায়।
বাজার সংশ্লিষ্টরা জানান, সরবরাহের ঘাটতি ও জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে বিভিন্ন ধরণের চালের মূল্য গত সপ্তাহের তুলনায় প্রতি মণে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে।
তবে খুচরা বাজারে চালের মূল্য প্রায় অপরিবর্তিত রয়েছে। খুচরা বাজারে শুক্রবার প্রতি কেজি চাল সর্বনিম্ন ১৯ টাকা থেকে সর্বোচ্চ ২৭ টাকায় বিক্রি হতে দেখা যায়। অন্যদিকে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে গত সপ্তাহের তুলনায় ২ টাকা কমে বর্তমানে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ সাত থেকে আট টাকায় বিক্রি হলেও হাতিরপুল, পলাশী এবং মোহাম্মদপুর এলাকার খুচরা বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি কাঁচা মরিচ ৩২ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
আলুসহ অন্যান্য সব্জির ক্ষেত্রেও একই অবস্থা। এই সমস্ত সব্জি পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে প্রায় দ্বিগুন দামে বিক্রি হচ্ছে। পাইকারি বাজার কারওয়ান বাজারে প্রতিকেজি আলু ছয় থেকে সাত টাকা এবং খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ১০ থেকে ১১ টাকায়।
কারওয়ান বাজারের পাইকারি চাল বিক্রেতা মো. মাসুদ চালের দাম বৃদ্ধির জন্য মজুতদারদের দায়ী করেন। তিনি বলেন, সরকার এবং কৃষক উভয়েই দাবি করছে এবার ধানের বাস্পার ফলন হয়েছে। অন্যদিকে, মজুতদাররা বলছে তাদের সরবরাহের ঘাটতি রয়েছে।
অপর পাইকারি বিক্রেতা ইয়াকুব আলী চালের দাম বৃদ্ধির জন্য মজুতদার ও বড় কৃষকদের দায়ী করেন। তার মতে, এটা মিনিকেটের মৌসুম হলেও বড় আড়তদারদের কাছ থেকে আমাদের উচ্চমূল্যে মিনিকেট কিনতে হচ্ছে।
তাদের মতে, রাজধানীর বেশিরভাগ চাল আসে দিনাজপুর, নাটোর, রাজশাহী, কুষ্টিয়া এবং সাভারের আড়তদারদের কাছ থেকে। সরবরাহের ঘাটতির কথা বলে মিলাররা যখন দাম বাড়ায় তখন চালের দাম বেড়ে যায়। এছাড়াও চালের দাম বৃদ্ধির পেছনে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিও দায়ী বলে উল্লেখ করেছেন কেউ কেউ। তারা বলেন, এতে চাল পরিবহনের ক্ষেত্রে খরচ বেড়ে গেছে।
ডাল ব্যবসায়ীরা জানান, দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ায় এবং আমদানিকারকদের সিণ্ডিকেশনের জন্য ডালের দাম দাম বেড়েছে। বিভিন্ন ধরণের ডাল বিশেষ করে মশুরের ডাল পাইকারি বাজারে ৪৫ টাকায় এবং খুচরা বাজারে ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে দেশী পেঁয়াজ ২০ থেকে ২২ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ১৬ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে প্রতি কেজি করল্লা, বেগুন, চিচিঙ্গা এবং কচুর লতির দাম ১৬ থেকে ২৪ টাকার মধ্যে ওঠানামা করছে। অন্যদিকে, ব্রয়লার মুরগী, মাংস, ডিম ও মাছ বিশেস করে ইলিশের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।
