এশিয়াটিক সোসাইটির মহতি উদ্যোগঃ ছোটদের বাংলা পিডিয়া
এশিয়াটিক সোসাইটি শিগগিরই দেশের শিশু-কিশোরদের জন্য প্রকাশ করতে যাচ্ছে ‘ছোটদের বাংলা পিডিয়া’। বাংলা পিডিয়ার ধারাবাহিকতা বজায় রেখে ‘চিলড্রেনস ব্রিটানিকা’র আদলে ছোটদের জন্য প্রকাশিত হবে এই গ্রন্থ।
মহতি উদ্যোগ সম্পর্কে বাংলা পিডিয়ার প্রধান সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম এ বিষয়ে বিডিনিউজকে জানান, বাংলায় তিন থেকে চার খণ্ডে ছোটদের বাংলা পিডিয়া প্রকাশ করা হবে। এই পিডিয়ায় থাকছে শিশু কিশোরদের উপযোগি জ্ঞান বিজ্ঞান, ইতিহাস, তথ্য প্রযুক্তি, সংস্কৃতি, বরেণ্য ব্যক্তিদের জীবনীসহ নানা রকম তথ্য।
তিনি জানান, শিশু কিশোরদের কাছে আকর্ষণীয় করে তুলতে পিডিয়াটিকে করা হচ্ছে সম্পূর্ণ রঙিন ছবি নির্ভর। শিশু কিশোররা যাতে জ্ঞান বিজ্ঞান থেকে পিছিয়ে না পড়ে সেই লক্ষ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ ।
জানা গেছে, ছোটদের বাংলা পিডিয়ার জন্য প্রাথমিকভাবে তিন কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এই অর্থ বাংলা পিডিয়া ট্রাস্ট থেকে বরাদ্দ করা হচ্ছে। ছোটদের পিডিয়া তৈরীর কাজে প্রায় ৬০ থেকে ৭০ জন গবেষক কাজ করছেন।
২০০৩ সালের মে মাসে প্রথমবারের মতো বাংলা পিডিয়ার বাংলা ও ইংরেজী সংস্করণ প্রকাশিত হয়। এই পিডিয়া প্রকাশের পর প্রায় ১৫ হাজার কপি বিক্রি হয়েছে।
৯০ এর দশকে শিশু একাডেমী প্রকাশ করে ছোটদের উপযোগি বিশ্বকোষ। এরপর শিশু-কিশোরদের জন্য বাংলা পিডিয়ার এ ধরণের উদ্যোগ এবারই প্রথম।
বাংলা পিডিয়ার বিক্রয় কর্মকর্তা জুলফিকার আলী বিডিনিউজকে জানান, বাংলা কপির দাম ধরা হয়েছে ১০ হাজার টাকা এবং ইংরেজী কপির দাম ১২ হাজার টাকা। গত ১৫ এপ্রিল পর্যন্ত এই পিডিয়া ৬৫ শতাংশ হ্রাসকৃত মূল্যে বিক্রি করা হয়।
তিনি বলেন, প্রকাশের আগেই পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে বাংলা পেডিয়া। এখনো এর চাহিদা বিস্ময়কর।
অধ্যাপক সিরাজুল ইসলাম জানান, আগামী ফেব্রুয়ারিতে বাংলা একাডেমীর অমর একুশে বই মেলায় বাংলা পিডিয়ার বাংলা সিডি, বাংলা পিডিয়াকে ন্যাশনাল অ্যাকটিভ ডাটাবেজে ওয়েবে প্রকাশ করা হবে। পিডিয়ার বর্তমান ওয়েব সাইটে বেশ কিছু সংস্কার কাজ চলেছে।
তিনি আরো জানান, তাদের পরিকল্পনায় রয়েছে ছোটদের বাংলা পিডিয়া নিয়ে একই রকম উদ্যোগ গ্রহণ করার।
