সুখী সম্পর্কের সহজ সূত্র
দাম্পত্য জীবনে যখনই কোন সমালোচনামূলক পরিস্থিতি দেখা দেবে অথবা একজন অপর জনের সমালোচনা করবে, তখন একবার সমালোচনার বিপরীতে কমপক্ষে পাঁচবার প্রশংসা করতে হবে।
জার্মানির একজন বিজ্ঞানীর ‘সুখী সম্পর্ক’-সূত্রের উপর পরিচালিত গবেষণায় প্রাপ্ত ফলাফল থেকে এ তথ্য জানিয়েছেন।
জার্মানির বোচামে অবস্থিত রুহর বিশ্ববিদ্যালয়ের সামাজিক মনোবিজ্ঞানের অধ্যাপক ড. হ্যান্স-ওয়ের্নার বিয়েরহফ দাবি করেছেন, কোনও দম্পত্তির একজন যদি অপর জনকে একবার সমালোচনা করেন, তাহলে সমালোচনাকারী অপর জনকে কমপক্ষে পাঁচবার সাধুবাদ জানাবেন বা পাঁচবার তার প্রশংসা করবে।
তিনি বলেন, সমালোচনার পরপরই কেউ যদি কারও কাছ থেকে ভালো ব্যবহার পায়, তাহলে তারা তাদের সম্পর্কের প্রতি আস্থা রাখতে পারেন। ভাল সম্পর্ক অবশ্যই সুখী হওয়াকেই ত্বরান্বিত করে।
অধ্যাপক বিয়েরহফ ও তার সহযোগী গবেষক এলকি রোহমান কয়েক হাজার ব্যক্তি ও দম্পতির উপর গবেষণা পরিচালনা করে ‘হোয়াট মেকস লাভ স্ট্রং’ নামক বইয়ে-সুখী সম্পর্কের সহজ সূত্র লিপিবদ্ধ করেছেন। কিভাবে একটি সম্পর্ককে দীর্ঘায়িত করা যায় সে বিষয়ে বইটিতে পরামর্শও দেয়া রয়েছে। এছাড়া পারিপার্শ্বিক পরিবর্তনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে ধরনের সমস্যার আবির্ভাব হতে পারে, সে বিষয়েও বইটিতে ধারণা দেয়া হয়েছে।
বিয়েরহফ বলেছেন, বেকারত্ব, রোগ, হতাশা, সন্তান-জন্ম ইত্যাদির সাথে সম্পর্কিত অভিজ্ঞতার চাপ একটি সম্পর্কের ভারসাম্য পরিবর্তন করতে পারে। পর্যায়ক্রমে তা সম্পর্ক ভাঙ্গার দিকেও গড়াতে পারে।
