দেশে ক্যান্সার রোগীর সংখ্যা ১০ লাখ
দেশে তালিকাভূক্ত ক্যান্সার রোগীর সংখ্যাই ১০ লাখ এবং গড়ে দুই লাখ লোকের প্রতি বছর ক্যান্সার ধরা পড়ছে।
বৃহস্পতিবার নগরীতে অনুষ্ঠিত এক সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, সঠিক সময়ে পরীক্ষা না করানো এবং যথাযথ চিকিৎসা না দেয়ার কারণে ৫০ শতাংশ ক্যান্সার রোগীর অবস্থা ধীরে এমন পর্যায়ে চলে যায় যা আর নিরাময় সম্ভব হয় না।
নগরীর একটি হোটেলে মোসাব্বির ক্যান্সার কেয়ার সেন্টার ‘ক্যান্সার প্রতিরোধে গণমাধ্যম ও সমাজের ভূমিকা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
বিশেষজ্ঞরা বলেন, পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় দেশের ৩৫ ভাগ ক্যান্সার রোগী চিকিৎসা নিতে বিদেশে যান।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক এমএ মান্নান বলেন, দেশে ক্যান্সার রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেলেও তাদের চিকিৎসা সুবিধা রয়েছে খুবই কম। বেশির ভাগ সরকারি হাসপাতালেই ক্যান্সার চিকিৎসার পর্যাপ্ত যন্ত্রপাতি নেই।
অধ্যাপক ড. আব্দুল হাই বলেন, প্রথম দিকে রোগ নির্ণয় করে চিকিৎসা দিতে পারলে এক তৃতীয়াংশ ক্যান্সার রোগীকে পুরোপুরি সুস্থ্য করা সম্ভব।
তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক যে এত বিপুল পরিমান ক্যান্সার রোগীকে চিকিৎসা দেয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক আছেন মাত্র ৯৮ জন।
একমাত্র সরকারি ক্যান্সার হাসপাতাল হচ্ছে ঢাকার মহাখালীতে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্স আণ্ড হসপিটাল। সেখানে ভর্তি থেকে একত্রে চিকিৎসা নেয়ার সুযোগ রয়েছে মাত্র ৫০ জন রোগীর। এছাড়া এ হাসপাতালের মাধ্যমে কেবল ৬০ জন ভর্তিকৃত ও বহিরাগত রোগীকে কেমোথেরাপি দেয়া সম্ভব।
বেসরকারি দু’টি ক্যান্সার হাসপাতাল, আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ও ডেলটা অনকোলজি সেন্টার ক্যান্সারের চিকিৎসা দিয়ে থাকে।
বিশেষজ্ঞরা ক্যান্সার চিকিৎসার জন্য অতি দ্রুত আরও বেশি ক্যান্সার হাসপাতাল বা সেন্টার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
দেশের ক্যান্সারের উদ্বেগজনক অবস্থা তুলে ধরে তারা এ প্রাণঘাতি রোগ প্রতিরোধে সমাজের সচ্ছল ও ধনী লোকদের এগিয়ে আসার আহ্বান জানান।
তারা ক্যান্সার প্রতিরোধে এ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যম এবং সমাজের সম্পদশালী লোকদের এগিয়ে আসার আহ্বান জানান।
তথ্য মন্ত্রী এম শামসুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন।
